Ajker Patrika

বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও দুই বছর ধরে বেতন তুলছেন ছাত্রলীগ নেতা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৮: ৫৭
বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও দুই বছর ধরে বেতন তুলছেন ছাত্রলীগ নেতা
উপজেলার হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়ের অফিস সহায়ক ও নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবক ও এলাকাবাসীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২২ সালের শুরুতে অফিস সহায়ক পদে হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়ে যোগ দেন নজরুল ইসলাম। একই বছরের নভেম্বরে তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি হন। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন। তবে তাঁর মামা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম অনুপস্থিতির বিষয়টি গোপন রেখে তাঁকে হাজিরা খাতায় নিয়মিত উপস্থিতি দেখিয়ে আসছেন। এর ফলে নজরুল ইসলাম নিয়মিত সরকারি বেতন-ভাতা উত্তোলন করতে পারছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এ ঘটনায় বিদ্যালয়ের জমিদাতা ও শিক্ষার্থীর অভিভাবক শাহ আলম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন।

পরিদর্শনকালে অফিস সহায়ক নজরুল ইসলামকে বিদ্যালয়ে অনুপস্থিত পাওয়া যায়। এ সময় শিক্ষার্থীরা জানায়, গণ-অভ্যুত্থানের পর থেকে নজরুল ইসলামকে আর বিদ্যালয়ে আসতে দেখেনি তারা।

এনামুল হক, মাঈদুল, হারুন, সিরাজুল, শাহজামাল, নান্নু, মানিক মিয়াসহ স্থানীয় লোকজনের অভিযোগ, হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়কে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম। তাঁর স্বজনদের মধ্যে সহকারী শিক্ষক, অফিস সহায়ক, আয়া, পরিচ্ছন্নতাকর্মী, নৈশপ্রহরীসহ মোট ছয়জন কর্মরত রয়েছেন। তাঁদের অভিযোগ, নজরুল ইসলাম দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও প্রধান শিক্ষক হাজিরা খাতায় তাঁর উপস্থিতি দেখিয়ে বেতন-ভাতা উত্তোলনে সহযোগিতা করছেন।

তবে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী বলেন, নজরুল ইসলাম আগে মাঝেমধ্যে বিদ্যালয়ে আসতেন। তবে কিছুদিন ধরে তাঁকে আর দেখা যাচ্ছে না।

অভিযোগকারী শাহ আলম বলেন, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসেন না। অথচ প্রধান শিক্ষকের সহযোগিতায় হাজিরা খাতায় নিয়মিত উপস্থিতি দেখিয়ে বেতন-ভাতা উত্তোলন করছেন। বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

আত্মগোপনে থাকায় অভিযোগের বিষয়ে অফিস সহায়ক নজরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম বলেন, নজরুল ইসলাম আগে নিয়মিত বিদ্যালয়ে আসতেন। তবে চলতি নভেম্বর মাসে তিনি অনুপস্থিত রয়েছেন। কেন অনুপস্থিত—জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, নজরুল ছুটিতে আছেন। ছুটির আবেদনের কপি দেখতে চাইলে তিনি জানান, সেটি বাড়িতে রয়েছে। বিদ্যালয়ে তাঁর আত্মীয়স্বজনের ছয়জন কর্মরত থাকার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগ পেয়ে বিদ্যালয় পরিদর্শন করে অফিস সহায়ক নজরুল ইসলামকে পাওয়া যায়নি। হাজিরা খাতা, ছুটির আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র বিদ্যালয় থেকে সংগ্রহ করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত প্রতিবেদন পাঠানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত