Ajker Patrika

ভারপ্রাপ্ত আর শূন্য পদে ক্লান্ত উপজেলা প্রশাসন

মো. ফরিদ রায়হান, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৭: ২৬
ভারপ্রাপ্ত আর শূন্য পদে ক্লান্ত উপজেলা প্রশাসন
মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়। ছবি: সংগৃহীত

ভারপ্রাপ্ত আর শূন্য পদে ভারাক্রান্ত কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা প্রশাসন। ৮০টি শূন্য পদে স্থবিরপ্রায় উপজেলার ভূমি, শিক্ষা, কৃষি, খাদ্য, পরিবার পরিকল্পনা ও স্থানীয় সরকারের কাজগুলো। ১৭টি দপ্তরের অর্ধেকের বেশি চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে। চরম জনবলসংকটে একদিকে জনগণের ভোগান্তি, অন্যদিকে বাড়তি কাজের চাপে হাঁসফাঁস অবস্থা কর্মকর্তাদের।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত মিঠামইন উপজেলায় ১৭টি দপ্তরের মাধ্যমে নানামুখী নাগরিক সেবা দেয় উপজেলা প্রশাসন। বর্তমানে উপজেলা প্রশাসনের আটটি দপ্তরে ৬০ ভাগ কর্মকর্তা-কর্মচারীর পদ ফাঁকা। সাধারণ মানুষ সেবা নিতে এসে ঘুরছেন দিনের পর দিন।

দীর্ঘদিন ধরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম পদ শূন্য থাকায় নামজারি, খাজনা প্রদানসহ ভূমিসেবা প্রার্থীরা ভোগান্তিতে পড়ছেন, আইনশৃঙ্খলাও যথাযথভাবে মনিটর করা কঠিন হয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার, উপজেলা খাদ্যনিয়ন্ত্রকসহ প্রায় অর্ধেক পদ চলছে ভারপ্রাপ্ত, অতিরিক্ত ও চলতি দায়িত্ব কর্মকর্তা দিয়ে।

ছয় মাস ধরে ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম। এ ছাড়া তিনি উপজেলা চেয়ারম্যান ও মিঠামইন সদর ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

করিমগঞ্জ উপজেলা তথ্য ও প্রযুক্তি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার (এপি) আনোয়ার পারভেজ অতিরিক্ত দায়িত্ব পালন করেন মিঠামইনে। বাজিতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান সিরাজ অতিরিক্ত দায়িত্ব পালন করেন মিঠামইনে, এ ছাড়া তিনি ইটনা, অষ্টগ্রাম ও কুলিয়ারচর উপজেলায় দায়িত্ব পালন করছেন।

ইউএনওর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও অফিস সহায়কের পদ দুটি শূন্য।

পরিবার পরিকল্পনা কার্যালয়ে ৬১টি পদের বিপরীতে কর্মকর্তাসহ পদায়ন আছে ৩৮ জনের। পরিবার কল্যাণ সহকারী আটজনের স্থলে চারজন, আয়া ছয়জনের পরিবর্তে চারজন এবং এমএলএসএস তিনটি ও দুটি নৈশপ্রহরীসহ শূন্য পদ রয়েছে ২৩টি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম খান অপু ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব আলমসহ ১৮ জনের পদায়ন থাকলেও কৃষি সম্প্রসারণ কর্মকর্তার দুটি, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসারের একটি, উপসহকারী কৃষি কর্মকর্তার ১১টি, অফিস সহকারীর দুটি, অফিস সহায়কের একটিসহ মোট ১৭টি পদ শূন্য। সংগত কারণেই কৃষিনির্ভর মিঠামইনে অর্ধেক জনবল নিয়ে কাজ করতে হচ্ছে তাঁদের।

উপজেলা শিক্ষা কর্মকর্তা সাদেকুর রহমান বদলি হওয়ায় ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজ মিয়া। এ ছাড়া, দুই সহকারী শিক্ষা কর্মকর্তার, এক উচ্চমান সহকারীর ও এক অফিস সহায়কেরসহ ছয়টি শূন্য পদ নিয়ে চলছে উপজেলা শিক্ষা অফিস। ফলে, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত হচ্ছে না পরিদর্শন। দাপ্তরিক কাজে তৈরি হয়েছে স্থবিরতা।

মিঠামইন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সাতটি পদের বিপরীতে কর্মকর্তাসহ শূন্য পদ এখন চারটি।

স্থানীয় সরকার অধিদপ্তরে (এলজিইডি) ২১টি পদের বিপরীতে উপজেলা সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, নকশাকারসহ ১২ পদ ফাঁকা।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে সাতটি পদের বিপরীতে পদায়ন আছে পাঁচজনের। এর মধ্যে একজন প্রেষণে কর্মরত কিশোরগঞ্জ অফিসে। তিনজন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার স্থলে একজন দিয়ে চলছে অফিস।

গত দুই বছর ধরে শূন্য উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তার পদটি। চলতি দায়িত্বে রয়েছেন আইরীন আক্তার। পরিদর্শক, সহকারী পরিদর্শক ও উপসহকারী পরিদর্শকসহ চারটি পদ শূন্য।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরে কর্মকর্তা ছাড়া চার পদের দুটি শূন্য। সমবায় অধিদপ্তরে একটি কর্মচারী পদ শূন্য। উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরে সাতটি পদের বিপরীতে কর্মরত তিনজন, ফাঁকা পড়ে আছে চারটি পদ। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মেকানিক, পিয়ন ও নৈশপ্রহরীর তিন পদ শূন্য।

খাদ্যনিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) আইরীন আক্তার বলেন, ‘দুই বছর ধরে স্যার নেই, জনবলসংকটে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে আমাদের। সীমাহীন পরিশ্রম করে কাজ করি, একটু বিলম্ব হলে সেবাগ্রহীতারা রাগ করেন।’

কেওয়াজোড় ইউনিয়নের বাসিন্দা খোকন মিয়া (৪৭) বলেন, ‘আমার জমি নামজারির জন্য তিনবার শুনানিতে এসেছি। কিন্তু শুনানি না করে ফিরতে হচ্ছে। কারণ, এসি ল্যান্ড নেই। আমার মতো কত মানুষ দূরদূরান্ত থেকে এসে ঘুরে যায়! কত দিন এভাবে ঘুরতে হবে, কে জানে!’

ঘাগড়া ইউনিয়নের বাসিন্দা দিলোয়ারা খাতুন (২৯) বলেন, ‘পরিবার কল্যাণ সহকারী মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টিবিষয়ক সেবা আমরা পাই না।’

এ বিষয়ে মিঠামইনের ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা প্রশাসনের প্রায় ৬০ ভাগ পদ ফাঁকা ও ভারপ্রাপ্ত দিয়ে চলছে। শূন্য পদ পূরণে সংসদ সদস্য ও জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেছি ইতিমধ্যে। তাঁরা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা ঠেকাতে দিন-রাত কাজ করতে হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত