Ajker Patrika

খুন, ডাকাতি ও অপহরণসহ ১৭ মামলার আসামি হাওরের হযরত ডাকাত গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৭: ৩৪
খুন, ডাকাতি ও অপহরণসহ ১৭ মামলার আসামি হাওরের হযরত ডাকাত গ্রেপ্তার
ডাকাত হযরত আলী গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ডাকাতি, খুন, চুরি, অপহরণ, মারামারিসহ ১৭ মামলার আসামি হযরত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এলংজুরি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হযরত আলী (৩৫) কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত মগল মিয়ার ছেলে।

অভিযানে উপপরিদর্শক সজীব কুমার দত্ত, উপপরিদর্শক এ কে এম মোশারফ হোসেন, উপপরিদর্শক মো. সালাহ উদ্দিন, উপপরিদর্শক মো. সামছুল আলম সাব্বির, সহকারী উপপরিদর্শক আলমগীর ভূঁইয়া, সহকারী উপপরিদর্শক মোস্তাক হোসেন, সহকারী উপপরিদর্শক মো. মেহেদী হাসান ও পুলিশের অন্য সদস্যরা অংশ নেন।

পুলিশের ভাষ্য, হযরত আলী আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং হাওরাঞ্চলে নৌডাকাতি ও চুরির হোতা। ইটনা ও মিঠামইন থানায় তাঁর বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ ১৭টি মামলা রয়েছে। জেলা পুলিশের তালিকাভুক্ত আসামি ছিলেন তিনি।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান বলেন, গত বর্ষা মৌসুমে হাওরে একাধিক ডাকাতির ঘটনায় হযরত আলী নেতৃত্ব দেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশ একাধিকবার অভিযান চালালেও তিনি কৌশলে পালিয়ে আসছিলেন।

পুলিশ জানায়, গতকাল বুধবার রাতে ছিলনী সেতু এলাকায় হযরত আলী ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পাশের কাকটেঙ্গুর গ্রামের দিকে গিয়ে আত্মগোপন করেন।

রাতভর কাকটেঙ্গুর গ্রামে সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁকে না পাওয়ায় দিনের বেলাও অভিযান অব্যাহত রাখে পুলিশ। পরে বেলা আড়াইটার দিকে গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত