
কিশোরগঞ্জের ভৈরবে ঝালমুড়ি বিক্রির জায়গা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার আদর্শপাড়া ও পাশের বাঁশগাড়ি গ্রামের যুবকদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ।
আটক ব্যক্তিরা হলেন বাঁশগাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. আতাউর (৩৪), মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. কবির হোসেন (৩৮) এবং আদর্শপাড়া এলাকার মৃত আউয়াল মিয়ার ছেলে শুভ মিয়া (১৮) ও রকি মিয়া (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে বাঁশগাড়ি বালুর মাঠে ঝালমুড়ি বিক্রি করতে যান কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের আরমান মিয়া। এ সময় স্থানীয় ফুচকা বিক্রেতা কবির মিয়ার সঙ্গে বিক্রির জায়গা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ঘটনাটি নিয়ে দুই গ্রামের যুবকেরা সংঘর্ষে জড়ান। এতে পাঁচজন আহত হন।
ওই সংঘর্ষের জেরে গতকাল মঙ্গলবার বিকেলে আবারও দুই গ্রামের লোকেরা ইটপাটকেল, লাঠিসোঁটা ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ঝালমুড়ি বিক্রেতা আরমান মিয়া অভিযোগ করে বলেন, ‘আমি ঝালমুড়ি বিক্রি করতে গেলে কিছু ব্যবসায়ী বাধা দেন। এ ছাড়া কিছু ক্রেতা ঝালমুড়ি খেয়ে টাকা কম দেন। এর প্রতিবাদ করলে আমাকে ও আমার সঙ্গে থাকা কয়েকজনকে মারধর করা হয়। পরে ঘটনাটি বড় আকার ধারণ করে।’
অন্যদিকে ফুচকা বিক্রেতা কবির মিয়া বলেন, ‘বালুর মাঠে পর্যাপ্ত জায়গা রয়েছে। আরমান জায়গা চাইলে তাঁকে নির্দিষ্ট স্থান দিতে চেয়েছিলাম। কিন্তু তিনি অন্যত্র গিয়ে ব্যবসা শুরু করেন। সেখানে টাকা-পয়সা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। পরে বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ বাধে।’
ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ঝালমুড়ি বিক্রির স্থান নিয়ে সংঘর্ষ ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে চারজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’

শরীয়তপুরের ডামুড্যায় সৌদি আরব হয়ে ইতালি পাঠানোর কথা বলে নজরুল ইসলাম রনির পরিবারের কাছ থেকে ১৭ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দালাল চক্রের বিরুদ্ধে। সৌদি আরবে যাওয়ার প্রায় দুই বছর পরও রনির সন্ধান না পাওয়ায় মানববন্ধন করেছেন পরিবার ও এলাকাবাসী।
৩ মিনিট আগে
বরিশালের উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মহাসড়ক পারাপাররত অজ্ঞাতনামা এক প্রতিবন্ধী নারী (৩৫) নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের শিকারপুর ব্রিজ ও ইচলাদী টোল ঘরের মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
১০-১৫ জনের একটি দল বিজিবির চোখ ফাঁকি দিয়ে চারাগাঁও সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয় পাহাড়ের ‘বেপানাক’ নামক এলাকায় প্রবেশ করে। সেখানকার একটি গর্ত থেকে কয়লা কুড়িয়ে বস্তায় ভরার সময় হঠাৎ ওপর থেকে একটি পাথর ইউনুস আলীর ওপর ধসে পড়ে।
৯ মিনিট আগে
বিচারকার্য পরিচালনার ক্ষেত্রে আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও সমন্বয়হীনতার অভিযোগ তুলে চাঁদপুরের তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন জেলা আইনজীবীরা। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১১ মিনিট আগে