প্রাণিসম্পদ হাসপাতালই নিষ্প্রাণ যেখানে

কিশোরগঞ্জ হাওরাঞ্চলের তিন উপজেলা অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনে চিকিৎসক ও জনবল-সংকটে নিষ্প্রাণ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালগুলো। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপজেলা পর্যায়ের এই সেবাকেন্দ্রগুলো সাধারণত গৃহপালিত পশু পাখির চিকিৎসা, টিকাদান, কৃত্রিম প্রজনন ও খামারিদের খামার ব্যবস্থাপনা-সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকে। তবে হাসপাতালগুলোতে ৭০ ভাগ পদ শূন্য থাকায় মুখ থুবড়ে পড়েছে এ অঞ্চলের ভেটেরিনারি সেবা।
কৃষিনির্ভর তিন উপজেলায় কৃষকের বিপুল পরিমাণ গরু-মহিষ, ছাগল-ভেড়া ও গৃহপালিত গবাদিপশুর চিকিৎসা সেবায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ছাড়া বিকল্প নেই। তবে, দীর্ঘদিন ধরে হাসপাতালগুলোতে চরম জনবল-সংকটে কৃষক ও খামারিরা তাঁদের হাঁস-মোরগ ও গবাদিপশুর চিকিৎসা নিয়ে পড়ছেন ভোগান্তিতে। সময় মতো চিকিৎসক না পাওয়া ও পর্যাপ্ত ওষুধের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারি-কৃষকেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে (পশু হাসপাতাল) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ (ইউএলও) একজন করে ভেটেরিনারি সার্জন, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ও আর্টিফিশিয়াল ইনসেমিনেশন (এফএ, ও এআই), অফিস সহকারী, অফিস সহায়ক, ড্রেসার, উপজেলা লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট (ইউএলও), কম্পাউন্ডার এবং তিনজন ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (বিএফএ)সহ ১১টি পদ রয়েছে।
সেই মতে তিন উপজেলার তিনটি পশু হাসপাতালে ৩৩টি পদের মাঝে ফাঁকা পদ ১৯টি। কর্মরত ১৪ জনের মধ্যে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন ১ জন আর অন্যত্র প্রেষণে রয়েছেন ৩ জন।
অষ্টগ্রামে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন কুলিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) মো. আবদুল্লাহ আল মামুন। এ ছাড়া ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (এফএ) ও আর্টিফিশিয়াল ইনসেমিনেশন (এআই), অফিস সহকারী, অফিস সহায়ক, উপজেলা লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট (ইউএলএ), কম্পাউন্ডার ও ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের (বিএফএ) ৭টি পদ শূন্য। ড্রেসার মো. শাওন সরদার দুই বছর ধরে রাজবাড়ী উপজেলায় প্রেষণে কর্মরত।
ইটনায় ভেটেরিনারি সার্জন, অফিস সহায়ক, উপজেলা লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট (ইউএলএ), দুই ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টসহ (বিএফএ) ৫টি পদ শূন্য। এখানে ড্রেসার হিসেবে যাঁকে পদায়ন করা হয়েছিল, তিনি দুই বছর ধরে সাভার ডেইরি ফার্মে প্রেষণে দায়িত্বরত।
মিঠামইনে চলতি মাসে যোগদান করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অমিত সাহা। তবে ভেটেরিনারি সার্জন, অফিস সহকারী, অফিস সহায়ক, উপজেলা লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট (ইউএলএ), কম্পাউন্ডার ও দুই ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টসহ (বিএফএ) হাসপাতালে ফাঁকা পদ ৭টি। ২০২৫ সালে যোগদানের শুরু থেকেই ড্রেসার প্রেষণে কর্মরত রয়েছেন ঢাকা চিড়িয়াখানায়।
ইটনা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোহাম্মদ মেহেদী বলেন, ‘হাওরাঞ্চলের বিপুল পরিমাণ প্রাণীর চিকিৎসায় চিকিৎসক একেবারেই কম। স্বল্প জনবলে অধিক সেবা দিতে গিয়ে হিমশিম পোহাতে হচ্ছে। তারপরও চেষ্টা করি সেবা দিতে। দ্রুত জনবল বাড়ানো দরকার।’
মিঠামইন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অমিত সাহা বলেন, ‘এখানে প্রাণী বেশি, চিকিৎসক কম। তারপরও চেষ্টা করি সর্বোচ্চ সেবা দিতে। কখনো কখনো দিন-রাত বিরতিহীন চিকিৎসা দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ি। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ভেটেরিনারি হাসপাতালে গবাদিপশুর অভ্যন্তরীণ চিকিৎসা ছাড়াও পাতলা পায়খানা, জ্বর, কৃমিসহ বিভিন্ন রোগে ৮ থেকে ১০ রকমের ওষুধ বিনা মূল্যে বিতরণ করা হয়। যদিও তা চাহিদার মাত্র ৮ থেকে ১০ শতাংশ এখন।’
সম্প্রতি অষ্টগ্রাম উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে গিয়ে দেখা মিলে সুনসান নীরবতা। কথা হয় দেওঘর ইউনিয়নের কৃষক মফিজ উদ্দিনের (৫৩) সঙ্গে। তিনি বলেন, ‘গরু-বাছুরের অসুখ হলে দৌড়ে আসি পশু হাসপাতালে। এখানে থাকে না ডাক্তার, পাই না ওষুধ, এরপর নিরুপায় হয়ে গ্রাম্য পশু ডাক্তারের শরণাপন্ন হই। এতে খরচ ও কষ্ট দুটাই বেশি হয়।’
মিঠামইন উপজেলার সদর ইউনিয়নের হাঁস ও গরু খামারি তাসলিমা আক্তার (৩৩) বলেন, ‘খামারের গরু-হাঁস অসুস্থ হলে দুশ্চিন্তায় পড়ে যাই। পশু হাসপাতালে গেলে ডাক্তার নাই, ওষুধ নাই। দ্রুত পশু হাসপাতালে ডাক্তার ও ওষুধ না দিলে খামার চালানো সম্ভব হবে না।’
কিশোরগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, জনবল-সংকটের কথা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। চিঠি দিয়েও অবহিত করেছি। প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়োগ প্রক্রিয়া চলছে, আশা করি দ্রুত পদায়ন হবে। আর প্রেষণ বাতিলের জন্য আবারও চিঠি পাঠানো হবে।









