কার্যক্রম নিষিদ্ধ ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ কিশোরগঞ্জের ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ভৈরবে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায় আতিক আহমেদ সৌরভকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া সম্প্রতি ভৈরব থানা-সংলগ্ন মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা নতুন একটি মামলায় তাঁকে ২ নম্বর আসামি করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ওসি মো. বাহার মিয়া বলেন, ‘আতিক আহমেদ সৌরভ রাজধানীতে অবস্থান করলেও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাঁর অবস্থান শনাক্ত করা হয়। পরে কিশোরগঞ্জ ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।’









