ডেঙ্গুতে ভৈরব থানার নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভৈরব থানায় কর্মরত পুলিশ কনস্টেবল সাইদা আক্তার মারা গেছেন। গতকাল শনিবার রাতে নরসিংদীর বেলাবো উপজেলার নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। এক সপ্তাহ আগে তিনি ভৈরব থানায় যোগ দিয়েছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর সাইদা আক্তারকে বৃহস্পতিবার কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসা শেষে শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন সাইদা আক্তার। বাড়ি ফেরার পথে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে বাড়িতে নেওয়ার পর রাতে তাঁর মৃত্যু হয়।
আজ রোববার জোহরের নামাজের পর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে সাইদা আক্তারকে দাফন করা হয়।
সাইদা আক্তারের আকস্মিক মৃত্যুতে ভৈরব থানা পুলিশের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ পুলিশের সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
পুলিশ কর্মকর্তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।









