খুলনায় মাদক নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে জখম

খুলনা নগরীতে মাদকসংক্রান্ত বিরোধের জেরে রানা (৩০) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে সোনাডাঙ্গা আল ফারুক সোসাইটির সামনে এ ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন এক রিকশাচালক।
প্রাথমিকভাবে জানা গেছে, রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি জামিনে ছিলেন। মাদকসংক্রান্ত বিরোধের জেরে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রানা নামের ওই যুবকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং বর্তমানে তিনি জামিনে আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধের জেরেই তাঁকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে।









