দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর পর্যটক ও জেলেদের জন্য খুলছে সুন্দরবনের দ্বার। আগামীকাল ১ সেপ্টেম্বর থেকে উঠে যাবে সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা। ওই দিন থেকে পুনরায় পর্যটকেরা যেতে পারবেন বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বনে। আর বনের ওপর নির্ভরশীল জেলেরাও যাবেন তাঁদের জীবিকার অন্বেষণে। ইতিমধ্যে জেলে, ট্যুর অপারেটর, লঞ্চ ও বোটচালকেরা প্রস্তুতি নিচ্ছেন সুন্দরবনে প্রবেশের জন্য।
সুন্দরবনের মৎস্য ব্যবসায়ী মো. মাহাবুবুর রহমান সেলু ও জেলে বাদল হাওলাদার জানান, বিকল্প কর্মসংস্থান না থাকায় সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে ও মৎস্যজীবীদের তিন মাস না খেয়ে মানবেতর জীবন যাপন করতে হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগ থেকে পারমিট (পাস) নিয়ে ছুটে যাবেন সুন্দরবনে। এখন তাঁদের শুধু অপেক্ষার পালা।’ তবে নিষেধাজ্ঞার সময় আগের মতো দুই মাস করার দাবি তাঁদের।
শরণখোলার ট্যুর অপারেটর মো. সোলেমান ফরাজি ও আব্দুর রহিম বলেন, সুন্দরবনের সবচেয়ে আকর্ষণীয় স্থান শরণখোলার সুপতি, কচিখালী, ডিমের চর, কটকা, বাদামতলা, টিয়ার চর, শেলার চর, দুবলার চর, আলীবান্দাসহ বিভিন্ন এলাকা। পদ্মা সেতুর কারণে শরণখোলা রেঞ্জ অফিস থেকে কম সময়ে ও কম খরচে সুন্দরবন ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, আগামীকাল থেকে বনজীবী ও পর্যটকদের সুন্দরবনে প্রবেশে অনুমতি, জেলেদের জন্য পাস দেওয়া শুরু হবে। ইতিমধ্যে নির্ধারিত স্টেশনগুলোকে বিএলসি নবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আগামীকাল থেকে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন পর্যটকেরা। একই সঙ্গে সুন্দরবনের বনজ সম্পদ আহরণের জন্য বনে যাবেন বনজীবীরা। তবে সুন্দরবনের অভয়ারণ্য ঘোষিত এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা আগের মতোই বহাল থাকবে।
এই রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, বনের পরিবেশ ও মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানিংয়ের সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে প্রতিবছর ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের সব নদী-খালে মাছ আহরণ বন্ধ থাকে। তবে চলতি বছর এই সময়ে এক মাস বাড়িয়ে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত করে বন মন্ত্রণালয়। এই তিন মাস মাছ আহরণ বন্ধের পাশাপাশি পর্যটক প্রবেশও নিষিদ্ধ করা হয়।

এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ভোলার চরফ্যাশন উপজেলার শিক্ষার্থী মো. রাসেল (১৭)। কিন্তু এই সুখবর জেনে যেতে পারল না সে। ফল প্রকাশের মাত্র চার দিন আগে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে সে। গত সোমবার পরীক্ষার ফলাফল দেখার পর রাসেলের শোকে পরিবার, স্বজন ও সহপাঠীরা কেবল কাঁদছে।
২ ঘণ্টা আগে
বরগুনার আমতলী উপজেলার আমতলী-গাজীপুর আঞ্চলিক সড়কের অন্তত ২০০ মিটার অংশ ধসে পড়েছে। গত শুক্রবার উপজেলার কালীবাড়ি এলাকায় চালিতাবুনিয়া খাল ঘেঁষে সড়কে ধস দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্যাদেশ অনুসারে ঠিকাদারের কাজ না করা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ অনিয়মের কারণে সড়কের এই হাল হয়েছে।
২ ঘণ্টা আগে
এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের পাঁচটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব বিদ্যালয় থেকে ২৪ জন পরীক্ষায় অংশ নেয়। সবাই অকৃতকার্য হওয়ায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা অফিস।
২ ঘণ্টা আগে
গভীর রাত। হঠাৎ পাহাড়ের নীরবতা ভাঙে গাছ ভাঙার শব্দে। আতঙ্কে ঘুম ভাঙে আশপাশের বাসিন্দাদের। ঘর থেকে বেরিয়ে দেখে, একদল বন্য হাতি এগিয়ে আসছে। মশাল জ্বালিয়ে, ঢাকঢোল পিটিয়ে, চিৎকার করে হাতি তাড়ানোর চেষ্টা শুরু হয়। কখনো হাতির পাল ফিরে যায় পাহাড়ে, কখনো ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
২ ঘণ্টা আগে