খুলনায় শান্তিপূর্ণ সমাবেশে লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও গুলির ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।
প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম মনা বলেন, গত ১৯ মে বিকেলে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে বিনা উসকানিতে পুলিশ বেধড়ক লাঠিপেটা, টিয়ারশেল নিক্ষেপ এমনকি গুলি করেছে। এতে বিএনপির তিন শতাধিক নেতা-কর্মী আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ১৫৪ জন। আবার সেই ঘটনায় পুলিশই বিএনপির ১ হাজার ৩০০ নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা করেছে।
যে মামলায় ইতিমধ্যে ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এখন নেতা–কর্মীদের বাড়ি বাড়ি পুলিশ গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। পুলিশ বিনা কারণে গুলি চালাবে, নেতা–কর্মীদের পঙ্গু করবে, আবার মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করবে—এটা গণতন্ত্রের কোনো ভাষা হতে পারে না।
মনা আরও বলেন, দিঘলিয়া উপজেলা যুবদল নেতা সোহেল গত ১৮ মে হাসপাতালে ভর্তি থাকলেও ১৯ মে’র মামলায় পুলিশ তাঁকে আসামি করেছে। যা হাস্যকর। পুলিশ গ্রেপ্তারের নামে নেতা–কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পরিবার-পরিজনদের হয়রানি ও অসৌজন্যমূলক আচরণ করছে।
প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম মনা আরও বলেন, ওসিসহ অভিযুক্ত পুলিশ সদস্যদের ভিডিও ফুটেজ ও নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে। নেতা–কর্মীরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে ফিরে আসার পর আমরা আইনি প্রক্রিয়ায় যাব। প্রয়োজনে পুলিশের বিরুদ্ধে মামলা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, স. ম আবদুর রহমান, শের আলম শান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, সাইফুর রহমান মিন্টু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, আশরাফুল আলম খান নান্নু প্রমুখ।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে