
সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের ধারাবাহিক ও সাঁড়াশি অভিযানের মুখে কুখ্যাত ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর তিন সক্রিয় সদস্য আত্মসমর্পণ করেছেন। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। পাশাপাশি দস্যুদের কবল থেকে এক জিম্মি জেলেকেও উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেলে বাগেরহাটের শরণখোলা থানাধীন সুন্দরবনের তাম্বুলবুনিয়া ফরেস্ট অফিসসংলগ্ন কলামুলি খাল এলাকায় তাঁরা কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
আত্মসমর্পণকারী দস্যুরা হলেন বাগেরহাটের মোংলা উপজেলার আলামিন হোসেন (৪০), সাতক্ষীরার তালা উপজেলার তৈবুর রহমান (২৪) এবং খুলনার কয়রা উপজেলার মনিরুজ্জামান মামুন (২০)। কোস্ট গার্ড জানায়, তাঁরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলেদের অপহরণ এবং মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন।
আত্মসমর্পণকারী দস্যুদের কাছ থেকে দুটি দেশীয় একনলা বন্দুক, একটি দেশীয় পাইপগান, ৪০টি তাজা কার্তুজ এবং একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। একই অভিযানে তাঁদের হেফাজতে থাকা এক জিম্মি জেলেকেও নিরাপদে উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নির্দেশনায় ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ পরিচালিত হচ্ছে। এসব অভিযানের অংশ হিসেবে গত ১২ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৪২ জন বনদস্যুকে আটক এবং ৪১ জন অপহৃত ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর আগে ছোট সুমন বাহিনীর সাত সদস্যও আত্মসমর্পণ করেছেন।
কোস্ট গার্ড জানিয়েছে, আত্মসমর্পণকারী দস্যুদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া জেলেকে তাঁর পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন।
এ বিষয়ে কোস্ট গার্ডের কমান্ডার মো. মানসুরুন মাহ্দীন (এনডি, পিএসসি, বিএন) বলেন, ‘সুন্দরবনের সক্রিয় সব দস্যুকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। যারা আত্মসমর্পণ করবে, তাদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে। অন্যথায়, অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখলে সরকারের “জিরো টলারেন্স’ নীতির আলোকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে তাদের গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের সময়সীমা ২০৩০ সাল। হাতে সময় আর মাত্র চার বছর। কিন্তু বৈশ্বিক ও জাতীয় নানা সংকটে ১৭টি লক্ষ্যের অগ্রগতি প্রত্যাশিত নয়। এই পরিস্থিতিতে আগামী চার বছর খুবই গুরুত্বপূর্ণ। এ সময়কে কাজে লাগাতে হলে এসডিজি অর্জনে গতি বাড়ানো, প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত.....
৩২ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় ককটেল বিস্ফোরণে রিকশাচালক বিল্লাল হোসেন ও গ্রাফিকস ডিজাইনার জাকারিয়া হোসেন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ও রাতে আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে...
৭ ঘণ্টা আগে
সিসিটিভি ফুটেজ দেখে বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বের করতে পুলিশ কাজ করছে। ঘটনার পর কমলাপুর রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ টহলসহ অন্যান্য তৎপরতা বাড়িয়েছে বলে জানান তিনি...
৮ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে আসাদুজ্জামান টিটন মিয়া নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান টিটন ওই গ্রামের সাইদার রহমানের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে কর্মরত ছিলেন।
৮ ঘণ্টা আগে