খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) একটি শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ে তাসলিমা তাপসি নামে প্রথম বর্ষের এক শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিনশেড ভবনের একটি কক্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, পরীক্ষা দেওয়ার জন্য তাঁরা ওই কক্ষে বসেছিলেন। এ সময় সিলিং ফ্যান চালু করার সঙ্গে সঙ্গে ছাদের সিলিংয়ের একটি অংশ ভেঙে তাসলিমা তাপসির মাথার ওপর পড়ে। এতে তিনি আহত হন। পরে নগরের একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, শ্রেণিকক্ষটির ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে আগেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তবে এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মেহেদী হাসান বলেন, আহত শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় অবস্থান করছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন।










