Ajker Patrika

প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে কিশোরীকে অপহরণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ২২: ৩৪
প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে কিশোরীকে অপহরণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড
প্রতীকী ছবি

খুলনায় কিশোরী অপহরণের দায়ে মো. সোহেল শেখ নামের এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, খুলনার বিচারক মুহাম্মদ আকরাম হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ইকবাল মাহমুদ।

দণ্ডপ্রাপ্ত সোহেল শেখ বাগেরহাটের ফকিরহাট উপজেলার ধনপোতা চাকুলি গ্রামের মো. জাহাঙ্গীর শেখের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী খুলনা সদর থানার একটি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করত। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে সোহেল তাকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত। বিষয়টি জানতে পেরে কিশোরীর বাবা তাঁকে নিষেধ করেন। তবে এতে কর্ণপাত করেনি সোহেল।

২০২৫ সালের ৭ অক্টোবর সকালে ভুক্তভোগী কিশোরী বিদ্যালয়ের পাশের একটি কোচিং সেন্টারে যায়। কিন্তু সেদিন আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে থানা থেকে বাড়ি ফেরার পথে তাঁরা জানতে পারেন, সোহেল কিশোরীকে অপহরণ করেছেন। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা ওই বছরের ১৫ ডিসেম্বর সোহেল শেখকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ২০২৬ সালের ৫ মে বিচারক মুহাম্মদ আকরাম হোসেনের আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত