Ajker Patrika

ঋণের বোঝায় সন্তানদের ফেলে যাওয়া মায়ের পাশে কেসিসি প্রশাসক, কর্মসংস্থানের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক, খুলনা
ঋণের বোঝায় সন্তানদের ফেলে যাওয়া মায়ের পাশে কেসিসি প্রশাসক, কর্মসংস্থানের আশ্বাস
আজ বিকেলে নগরের সোনাডাঙ্গার গ্রামীণ আবাসিক এলাকায় শিশুদের খোঁজ নিতে যান কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ছবি: সংগৃহীত

অভাব আর ঋণের বোঝা কেড়ে নিতে বসেছিল এক মায়ের স্বাভাবিক জীবন। ঋণ পরিশোধ করতে না পেরে তিন সন্তানকে রেখে চলে গিয়েছিলেন তিনি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকের হৃদয় নাড়া দেয়। অবশেষে সেই অসহায় মা ও সন্তানদের পাশে দাঁড়িয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিয়েছেন আর্থিক সহায়তা, পাশাপাশি মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করে শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।

আজ শনিবার বিকেলে নগরের সোনাডাঙ্গার গ্রামীণ আবাসিক এলাকায় শিশুদের থাকার জায়গায় যান কেসিসি প্রশাসক। এ সময় তিনি তিন শিশুর খোঁজখবর নেন, তাদের মায়ের সঙ্গে কথা বলেন।

জানা যায়, এনজিওর ঋণ পরিশোধ করতে না পেরে চরম অসহায়ত্বের মধ্যে সন্তানদের রেখে চলে যান ওই মা। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর। পরে তিনি ওই মায়ের সঙ্গে যোগাযোগ করে সাহস দেন এবং সন্তানদের কাছে ফিরে আসার আহ্বান জানান। তাঁর উৎসাহে শেষ পর্যন্ত সন্তানদের কাছে ফিরে আসেন মা।

পরিবারটির সংকটের পেছনে রয়েছে আরও কিছু করুণ বাস্তবতা। জানা গেছে, ঋণের বোঝা থেকে মুক্তি পেতে ওই মা তাঁর যমজ দুই সন্তানকেও বিক্রি করে দিয়েছিলেন। বিবাহবিচ্ছেদের পর শিশুদের বাবার বর্তমান অবস্থান সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে সন্তানদের নিয়ে চরম অনিশ্চয়তা ও অসহায়ত্বের মধ্যে দিন কাটছিল তাঁর।

এমন পরিস্থিতিতে আজ ওই মায়ের হাতে আর্থিক সহায়তা তুলে দেন কেসিসি প্রশাসক। একই সঙ্গে শিশুদের ভরণপোষণ ও পড়াশোনা যেন বন্ধ না হয়, সে জন্য মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন। কেসিসি প্রশাসকের আশা, কাজের সুযোগ পেলে মা নিজেই সন্তানদের দায়িত্ব নিতে পারবেন এবং ধীরে ধীরে পরিবারটি স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত ওই মা প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, একটি পরিবারের গল্প কখনো কখনো সমাজের নির্মম বাস্তবতাকে সামনে নিয়ে আসে। কোনো শিশুর শৈশব যেন দারিদ্র্য, ঋণ কিংবা অসহায়ত্বের কাছে হার না মানে, সেই নিশ্চয়তা তৈরি করা সবার সম্মিলিত দায়িত্ব।

এ সময় গ্রামীণ আবাসিক কল্যাণ সমিতির সভাপতি গাজী বজলুর রহমান, সাধারণ সম্পাদক গাজী মিজানুজ্জামান তাজ, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত