Ajker Patrika

ডাকাতের কবলে প্রসূতি, আতঙ্কে অ্যাম্বুলেন্সেই প্রসবের পর নবজাতকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৫: ৪৬
ডাকাতের কবলে প্রসূতি, আতঙ্কে অ্যাম্বুলেন্সেই প্রসবের পর নবজাতকের মৃত্যু
ছবি: সংগৃহীত

সড়কে গাছ ফেলে পথ আটকে প্রসূতি বহন করা অ্যাম্বুলেন্সে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের কাছ থেকে নগদ এক লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়। ডাকাতির আতঙ্কের মধ্যে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেন সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী। তবে নবজাতককে বাঁচানো যায়নি।

গতকাল রোববার ভোরে ঝিনাইদহের কালীগঞ্জ-ডাকবাংলা সড়কের বাঘমারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার দুপুরে প্রসূতির স্বামী ডা. আব্দুল্লাহ আল নোমান কালীগঞ্জ থানায় মামলা করেছেন। পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

প্রসূতি আফসারা তাসনীম (৩০) চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিসপাড়ার বাসিন্দা। তিনি ডা. আব্দুল্লাহ আল নোমানের স্ত্রী। নোমান চুয়াডাঙ্গা ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা। শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য আফসারাকে চুয়াডাঙ্গা থেকে যশোরে নেওয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্সে ছিলেন তাঁর স্বামী, শাশুড়ি, মা, বড় ছেলে ও একজন নার্স।

ডা. আব্দুল্লাহ আল নোমান বলেন, কালীগঞ্জ উপজেলার বাগমারা বাজার পেরিয়ে প্রায় ৩০০ গজ এগোতেই সড়কে গাছ ফেলে পথ বন্ধ দেখতে পান তাঁরা। অ্যাম্বুলেন্সের গতি কমালে কয়েকজন অস্ত্রধারী তাঁদের ঘিরে ফেলেন। প্রথমে তাঁর ছেলের গলায় ধারালো অস্ত্র ধরে এবং মায়ের গলায় দা ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে থাকা নারীদের কানের দুল ও গলার চেইন খুলে নেন ডাকাতেরা।

নোমান বলেন, ডাকাতেরা তাঁর গলায় দা ধরে সঙ্গে থাকা নগদ এক লাখ টাকা ও ব্যাংকের এটিএম কার্ড ছিনিয়ে নেয়। তাঁর স্ত্রীর পেটের ওপর ধারালো অস্ত্র ধরে এবং কান কেটে নেওয়ার চেষ্টা করে। এতে তাঁর স্ত্রী ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। ডাকাতেরা অ্যাম্বুলেন্সে থাকা নার্সকেও মারধর করে। পরে আতঙ্কের মধ্যে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেন তাঁর স্ত্রী। তবে নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি।

নোমান আরও বলেন, বাগমারা বাজারের ওই পাশে পুলিশের একটি টহল গাড়ি দেখে তাঁরা আশ্বস্ত হয়েছিলেন। এ কারণে এই সড়ক দিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেখানে ডাকাতির কবলে পড়বেন, তা বুঝতে পারেননি।

সড়কের আমতলা বাজার এলাকার মারকাযুল উলুমিল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক তীতুমীর বলেন, রাতে তিনি মাদ্রাসায় ছিলেন। রোববার ভোরের দিকে ডাকাতির খবর পান। ডাকাতির শিকার এক অ্যাম্বুলেন্সচালক গাড়ির চাবি খুঁজতে তাঁদের সহায়তা চেয়েছিলেন। তাঁর কাছ থেকে জানতে পারেন, ওই রাতে ৩০ থেকে ৩৫ জনের একটি ডাকাত দল সড়কে গাছ ফেলে অন্তত ১৫ থেকে ২০টি যানবাহনে ডাকাতি করেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী বলেন, ডা. নোমানের এজাহার গ্রহণ করে দস্যুতার মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত পুরো ডাকাত দলকে আটক করা সম্ভব হবে বলে আশা করছি। সড়কের নিরাপত্তায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত