ঝালকাঠি শহরের শতবর্ষী ঐতিহ্যবাহী বারোচালা ভেঙে বহুতল বিপণিবিতান নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের মুখে ভাঙার কাজ আপাতত স্থগিত করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে স্থাপনাটির বিভিন্ন অংশ অপসারণ শুরু হলে প্রতিবাদ জানায় স্থানীয় বাসিন্দা, সংস্কৃতিকর্মী, ইতিহাস-ঐতিহ্য সচেতন নাগরিক ও বিভিন্ন সামাজিক সংগঠন।
উদ্ভূত পরিস্থিতিতে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর অংশগ্রহণে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সর্বসম্মতিক্রমে বারোচালা ভাঙার কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সঙ্গে বিষয়টি বিস্তারিত পর্যালোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ২৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটিতে প্রশাসনের প্রতিনিধি, মন্দির কর্তৃপক্ষ, ইতিহাস-ঐতিহ্য গবেষক, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠি শহরের প্রতিষ্ঠাতা মহারাজ জয় নারায়ণ ঘোষালের স্মৃতিবিজড়িত বারোচালাটি দীর্ঘদিন ধরে এ অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত। সম্প্রতি পুরোনো স্থাপনাটি অপসারণ করে সেখানে বহুতল বিপণিবিতান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে আজ সকালে শ্রমিকরা ভাঙার কাজ শুরু করেন।
খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে স্থাপনাটি সংরক্ষণের দাবি জানান। প্রতিবাদের পর প্রশাসনের উদ্যোগে জরুরি বৈঠক ডাকা হয়।
জরুরি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার, শাহ আলম খলিফা, অলোক সাহা, কালীবাড়ি মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা সুব্রত দেবনাথ বলেন, “স্থাপনাটি অনেক পুরোনো হয়ে গেছে। মন্দির ও এর সম্পত্তির উন্নয়নের স্বার্থে বিপণিবিতান নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পূজার সময় পর্যাপ্ত জায়গার অভাব দেখা দেয়। সে কারণেই জায়গা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল।”
ঐতিহ্য সংরক্ষণের দাবিতে সোচ্চার নাগরিকরা বলছেন, উন্নয়নের প্রয়োজনীয়তা থাকলেও ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো ধ্বংস করে নয়, বরং সংরক্ষণ ও সংস্কারের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা উচিত।
ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার বলেন, “এটি কেবল একটি স্থাপনা নয়, ঝালকাঠির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শতবর্ষের স্মৃতি বহনকারী এমন একটি স্থাপনা ধ্বংস হয়ে গেলে তা আর কখনও ফিরিয়ে আনা সম্ভব হবে না। উন্নয়ন অবশ্যই প্রয়োজন, তবে তা ঐতিহ্য রক্ষার বিষয়টি বিবেচনায় রেখেই হওয়া উচিত।”
স্থানীয় বাসিন্দা শফিউল ইসলাম সৈকত বলেন, “বারোচালা শুধু একটি পুরোনো স্থাপনা নয়, এটি ঝালকাঠির ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত সাক্ষী। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই স্থাপনাটি আমাদের অতীতের স্মৃতি বহন করে আসছে। শতবর্ষী এই ঐতিহ্যবাহী স্থাপনাটিকে ধ্বংস না করে সংরক্ষিত ঐতিহ্য হিসেবে ঘোষণা করে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া উচিত। উন্নয়নের প্রয়োজন রয়েছে, তবে তা অবশ্যই আমাদের ইতিহাস ও ঐতিহ্য অক্ষুণ্ন রেখে বাস্তবায়ন করতে হবে।”
ঘটনাস্থল পরিদর্শন শেষে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান সাংবাদিকদের জানান, সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত এবং ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বারোচালা ভাঙার কাজ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঝালকাঠির ঐতিহ্যবাহী বারোচালা একসময় এ অঞ্চলের সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। বিভিন্ন সময়ে দেশের খ্যাতিমান রাজনৈতিক নেতা ও জননেতারা এখানে অনুষ্ঠিত সভা-সমাবেশে অংশ নিয়েছেন।

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
৪৩ মিনিট আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
২ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
২ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৩ ঘণ্টা আগে