মবের পিটুনিতে থেমে গেল ফয়েজের রিকশার চাকা

দিনভর রিকশা চালিয়ে রাতে বাড়ি ফিরছিলেন মো. ফয়েজ আহাম্মদ। কিন্তু বাড়ি ফেরা হয়নি তাঁর। মাদকসেবীর অপবাদ দিয়ে একদল লোক তাঁকে ঘিরে ধরেন। লাঠি ও রড দিয়ে চলে বেধড়ক পিটুনি। একপর্যায়ে রক্তাক্ত ফয়েজকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় হামলাকারীরা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গত ১১ জুন মধ্যরাতে নোয়াখালীর সোনাইমুড়ীর শাকতলা ছিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসার পূর্ব পাশে ও পরে নদোনা আছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে বেরিয়ে এসেছে, পূর্বশত্রুতার জেরে ফয়েজকে মাদকসেবী হিসেবে অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে মব তৈরি করা হয়েছিল। সেই মবের হামলায়ই প্রাণ হারান এই রিকশাচালক।
এ ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আইনের হেফাজতে নিয়েছে পিবিআই। আজ রোববার তাদের আদালতে হাজির করা হলে দুজনই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই নোয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) ও মামলার তদন্ত তদারকি কর্মকর্তা আর এম ফয়জুর রহমান জানান, আজ ভোরে শাকতলা গ্রামে অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই কিশোরকে আইনের হেফাজতে নেওয়া হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়।
পিবিআই সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত ১১ জুন দিবাগত রাত ১১টা থেকে ১টা ৩৫ মিনিটের মধ্যে শাকতলা ছিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসার পূর্ব পাশে ও পরে নদোনা আছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে ফয়েজের ওপর হামলা চালানো হয়। ১০ থেকে ১২ জন লোক মিলে তাঁকে ঘিরে মব তৈরি করেন। এরপর লাঠিসোঁটা ও রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।
গুরুতর আহত অবস্থায় ফয়েজকে রাস্তার ওপর ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত ফয়েজের বড় ছেলে রেজাউল করিম বাদশা বাদী হয়ে সোনাইমুড়ী থানায় মামলা করেন। মামলায় সবুজ (২২), মনা (২৫), জামালসহ (২৬) ১১ জনের নাম উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে মামলাটি পিবিআইয়ের শিডিউলভুক্ত হলে গত ২৫ আগস্ট সংস্থাটির নোয়াখালী জেলা স্ব-উদ্যোগে তদন্তভার নেয়।
তদন্তে পিবিআই জানতে পারে, আটক দুই কিশোর নিজ ও আশপাশের এলাকার কিশোরদের নিয়ে একটি কিশোর গ্যাং গড়ে তুলেছিল। এলাকায় ত্রাস সৃষ্টি, অরাজক পরিস্থিতি তৈরি ও মব সৃষ্টি করে জনশান্তি বিঘ্নিত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য, পূর্বশত্রুতার জেরেই ফয়েজকে মাদকসেবী হিসেবে অপবাদ দেওয়া হয়। এরপর পরিকল্পিতভাবে মব তৈরি করে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। হামলায় কিশোর গ্যাংয়ের সদস্যসহ আরও কয়েকজন অংশ নেয়।
পিবিআই নোয়াখালী জেলার এসপি আর এম ফয়জুর রহমান বলেন, গ্রেপ্তার দুই কিশোরের নাম মামলার এজাহারে ছিল না। তবে তদন্তে তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে আরও সাত থেকে আটজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।
এসপি আরও বলেন, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এজাহারভুক্ত আসামিদের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাইজ কাকারা গ্রামে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ, ময়লার ভাগাড় অপসারণ ও নিয়মিত মশক নিধনের দাবিতে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। উপজেলা প্রশাসনের আশ্বাসে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।
২৬ মিনিট আগে
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) ২০২৬–২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সময়ের কণ্ঠস্বরের মাল্টিমিডিয়া রিপোর্টার এসএম মঈন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আনন্দবাজারের রিপোর্টার জিসান আহমেদ কাব্য।
৪২ মিনিট আগে
রাজবাড়ীর কালুখালীতে কৃষক নজরুল ইসলাম খানকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবারের সদস্য ও রক্তদাতা সংগঠনের স্বেচ্ছাসেবকেরা। হত্যাকাণ্ডের নয় দিন পরও সব আসামি গ্রেপ্তার না হওয়ার অভিযোগ করেন তাঁরা।
১ ঘণ্টা আগে