
২৫ বছর বয়সী সাকিন হোসেন কাজ করতেন যশোরের স্থানীয় দৈনিক সুবর্ণভূমি ও স্যাটেলাইট গ্রিন টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে। তাঁর প্রাণচাঞ্চল্যের আড়ালে যে একবুক অভিমান আর মানসিক যন্ত্রণা লুকিয়ে ছিল, তা হয়তো টের পায়নি কেউ। গত ১৬ জুলাই রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে চিরতরে বিদায় নেন তরুণ উদীয়মান এই সাংবাদিক। মৃত্যুর আগে ‘বিদায় পৃথিবী’ লিখে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন তিনি।
হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম সাকিনের এমন বিদায়ে তাঁর বৃদ্ধ মা-বাবাকে ঠেলে দিয়েছে এক অথৈ সাগরে। স্বজনেরা জানান, পারিবারিক নানা সমস্যায় মানসিক সংকটে ভুগছিলেন সাকিন।
যশোরের গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ সাকিন এখন শুধুই স্মৃতি হলেও ভাগ্য সুপ্রসন্ন ছিল অভয়নগর উপজেলার ১৬ বছর বয়সী এক কিশোরীর। আগস্টের প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষায় খারাপ ফলের জেরে মা-বাবার বকুনি খেয়ে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে সে। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পাঁচ দিন চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠে সে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ছয় বছরে (২০২০-২৫) যশোরে ১৪ হাজার ৫১৬ জন আত্মহত্যার চেষ্টা করে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৪৪ জনের। প্রতিদিন গড়ে সাতজন আত্মহত্যার চেষ্টা করে।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে দেখা যায়, জেলায় আত্মহত্যার চেষ্টাকারীদের মধ্যে পুরুষ ৫ হাজার ৯০ এবং নারী ৯ হাজার ৬৬ জন। আত্মহত্যাকারী ব্যক্তিদের মধ্যে ১১৭ পুরুষ এবং ২২৭ জন নারী। পারিবারিক কলহ, কর্মক্ষেত্রে হতাশাসহ নানা কারণে গলায় ফাঁস ও বিষপানে আত্মহত্যার প্রবণতা বেড়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, শান্ত ও উর্বর জেলা হিসেবে পরিচিত যশোরেই যেন নীরবে ডালপালা মেলছে এক গভীর অশান্তি। সম্পর্কের বিষণ্নতা আর সামাজিক চাপের মুখে ঘরে ঘরে বাড়ছে মানসিক রোগীর সংখ্যা, যার চূড়ান্ত পরিণতি গিয়ে ঠেকছে আত্মহত্যায়। তবে আত্মহত্যার এই চিত্র প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী হলেও তা প্রতিরোধে নেই কোনো স্থায়ী কার্যকর উদ্যোগ। অভিযোগ, প্রতিবছর ১০ সেপ্টেম্বর ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ এলে র্যালি আর আলোচনা সভার মধ্যেই সীমাবদ্ধ থাকে সব আয়োজন। বছরজুড়ে মানুষের জন্য মিলছে না কোনো মানসিক স্বাস্থ্যসেবা কিংবা পেশাদার কাউন্সেলিংয়ের সুযোগ।
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল হক বলেন, ‘নৈরাজ্যমূলক আত্মহত্যা (অ্যানোমিক সুইসাইড) প্রবণতা বেড়েছে সমাজে। চাওয়া-পাওয়া ও প্রাপ্তির মধ্যে যখন বড় ধরনের পার্থক্য তৈরি হয়, তখন মানুষের মনে নৈরাজ্য সৃষ্টি হয়। মনে চাপ তৈরি হয়। এ নৈরাজ্য থেকে মানুষ আত্মহত্যা করে। বস্তু ও অবস্তুগত চাওয়া-পাওয়ার পার্থক্যে মনে অতিরিক্ত চাপ তৈরি হয়। অনুভূতিগুলো মনের মধ্যে আটকে থাকছে। মানুষ যখন জীবনের অর্থ খুঁজে পায় না, তখন আত্মহত্যা করে। এটি রোধে পারিবারিক, সামাজিক সচেতনতা দরকার। শুধু দিবস ঘিরেই এই সমস্যা সমাধান হবে না।’
পুলিশের বিবরণীতে ফাঁস, বিষপান, গায়ে আগুন, রেললাইনে ঝাঁপ ও অন্যান্য—এই পাঁচভাবে আত্মহত্যার কথা বলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটছে ফাঁস দিয়ে আত্মহত্যা। এরপর বিষপানে। মামলার হিসাবে দেখা যায়, গত ছয় বছরে জেলায় ১ হাজার ৪৫৪টি মামলা হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) তথ্যমতে, যা দেশে শীর্ষে। এরপর বেশি মামলা হয়েছে ঢাকা জেলায়, ১ হাজার ৪০২টি। তৃতীয় স্থানে আছে কুমিল্লা। সেখানে মামলার সংখ্যা ১ হাজার ২৮৮।
স্বাস্থ্য বিভাগ বলছে, আত্মহত্যার কারণ মূলত মানসিক বিপর্যয়। কিছু মানসিক রোগ আত্মহত্যার পেছনে কাজ করে। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় দেশের ১০টি জেলায় হাসপাতালে বিশেষ কর্নার ‘মনের বাড়ি’ উদ্বোধন করা হয়। ২০২৪ সালে যশোরের মনিরামপুর ও চৌগাছায় এই কর্নার চালু করা হলেও সেখানে চিকিৎসা নেওয়ার প্রবণতা কম।
যশোরের সিভিল সার্জন মাসুদ রানা বলেন, যশোর-ঝিনাইদহ অঞ্চলে পারিবারিক সম্পর্কের অবনতি, আর্থিক টানাপোড়েন এবং চাওয়া-পাওয়ার ফারাক আত্মহত্যার প্রধান কারণ। বর্তমান তরুণ প্রজন্ম আবেগপ্রবণ হওয়ায় প্রত্যাশা পূরণ না হলে অনেকে চরম সিদ্ধান্ত নেন। তরুণ-তরুণীদের মধ্যেই এই প্রবণতা বেশি।
সিভিল সার্জন বলেন, হাসপাতালগুলোতে মানসিক রোগ বিশেষজ্ঞের সংখ্যা কম হওয়ায় বিদ্যমান চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে উপজেলা পর্যায়ে মানসিক রোগীদের জন্য সেবা সম্প্রসারণ করা হচ্ছে। মানসিক স্বাস্থ্যসেবার জন্য আগে চালু থাকা টেলিমেডিসিন সেবা নানা কারণে বন্ধ হয়ে গিয়েছিল, তা পুনরায় চালুর বিষয়ে সরকার ভাবছে।

সঠিকভাবে সম্ভাব্যতা যাচাই এবং নকশা প্রস্তুত না করেই হাতে নেওয়া হয়েছিল ‘নবীনগর-আশুগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প’। শুরুতে ৪২১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি পরে সংশোধন করে ৬০৪ কোটি ৮৫ লাখ টাকায় ওঠে। এতে সরকারের ব্যয় বেড়েছে ১৮৩ কোটি ৪০ লাখ টাকা। সম্ভাব্যতা যাচাই ও নকশার ত্রুটির পাশাপাশি ভূমি...
১ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলায় দাদন ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়ার সুদে অতিষ্ঠ এলাকাবাসী। বিপদের সময় সাময়িক স্বস্তির আশায় স্থানীয় দাদন ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়েছিলেন রংপুরের পীরগঞ্জের কয়েকজন স্কুলশিক্ষক। অভিযোগ, ঋণের বিপরীতে ব্যাংকের ফাঁকা চেক নেওয়া, চড়া সুদ আদায়, ঋণ পরিশোধের পরও চেক ফেরত না...
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইলে শালবন পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় মোছা. আছিয়া খাতুন (৬৩) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে নান্দাইল-কানুরামপুর-ত্রিশাল সড়কের চরবেতাগৈর ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
আজ বুধবার দুপুর ১২টার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে খুঁজতে থাকেন। পরে বিদ্যালয়ের পাশে একটি ছোট চায়ের দোকান থেকে তাঁর পরিচয় নিশ্চিত করে অস্ত্রের মুখে নৌকায় তুলে অজ্ঞাত স্থানের দিকে নিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
২ ঘণ্টা আগে