Ajker Patrika

পরিচয় গোপন করে মেসে থাকতেন প্রবাসী, গতকাল মরদেহ উদ্ধার

­যশোর প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২৬, ১০: ৫৮
পরিচয় গোপন করে মেসে থাকতেন প্রবাসী, গতকাল মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

যশোরের একটি মেস থেকে ইব্রাহিম খলিল রিপন (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার ‘স্বপ্নবিলাস’ নামে একটি ছাত্র মেস থেকে লাশ উদ্ধার করা হয়।

রিপন চট্টগ্রাম জেলার মৌসুমী আবাসিক এলাকার শফিউল্লাহর ছেলে। তিনি দীর্ঘদিন পরিচয় গোপন রেখে ওই মেসে থাকছিলেন। পুলিশ জানিয়েছে, রিপন দক্ষিণ আফ্রিকায় ছিলেন। দুই বছর আগে দেশে ফেরেন।

ছাত্রাবাস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত শুক্রবারের পর থেকে রিপনের দেখা মেলেনি। রোববার সকাল থেকে ডাকাডাকি করেও ঘরের দরজায় না খোলায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে রিপনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

পুলিশ ও মেস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রিপন প্রায় এক বছর ধরে মেসে রয়েছেন। ভাড়া নেওয়ার সময় তিনি নিজের নাম মুনসুর হোসেন এবং পাসপোর্ট অফিসে চাকরি করেন বলে জানিয়েছিলেন। তবে, তাঁর কাছ থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কিংবা অন্য কোনো কাগজপত্র নেননি মেস মালিক।

মেসের ম্যানেজার মিলন হোসেন বলেন, ‘সকাল থেকে ডাকাডাকি করেছি কিন্তু সাড়াশব্দ না পাওয়ায় পুলিশে খবর দিই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। পরে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) যশোরের সহায়তায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। তবে, তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানাতে পারেনি পুলিশ।’

যশোর কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মো. মুমিনুল হক বলেন, প্রথমে নিহতের নাম মুনসুর হোসেন জানা গেলেও তাঁর আসল নাম ইব্রাহিম খলিল রিপন। তিনি চট্টগ্রামের বাসিন্দা। তবে কেন এত দিন পরিচয় গোপন করে এখানে ছিলেন, আর কীভাবে মারা গেলেন—তা এখনই বলা সম্ভব হচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত