Ajker Patrika

এবার নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি   
এবার নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিস আলম। ফাইল ছবি

হবিগঞ্জে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী ও উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। একই অভিযোগে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

\বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগটি দায়ের করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন—এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, মুখ্য সমন্বয়ক (উত্তর অঞ্চল) সারজিস আলম, হবিগঞ্জ পৌর এনসিপির আহ্বায়ক নুর আলম চৌধুরী, ফকরুদ্দিন জাকি, মো. আবু হেনা মোস্তফা কামাল, রুহাম গাজী, মাহফুজুর রহমান চৌধুরী, নাহিদুল ইসলাম তারেক, আবু বকর মোহাম্মদ পোলাদ ও ওয়াদুদ মাহমুদ চৌধুরীসহ অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনের প্রধান সড়কে সংঘর্ষের ঘটনা ঘটে। শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা সভায় যোগ দিতে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হলে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নেতৃত্বে একদল লোক উসকানিমূলক স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলায় ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরীর ডান কাঁধে লোহার রডের আঘাতে গুরুতর জখম হয় এবং মোজাক্কির হোসেন ইমন ইটের আঘাতে মাথায় রক্তাক্ত জখম হন। এছাড়া আহতদের কাছ থেকে কয়েকটি আইফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

অভিযোগকারী ছাত্রদল নেতা ইকবাল হোসেন রুকন বলেন, ‘এনসিপির নেতাকর্মীরা অতর্কিতভাবে ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত