১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ‘লকডাউন’ ঘিরে প্রস্তুতি গোপালগঞ্জে

গতকাল মঙ্গলবার রাতের সহিংসতা, অগ্নিসংযোগ ও সংঘর্ষের পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জের কাশিয়ানী। আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউনের প্রস্তুতি ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে চাপা উত্তেজনা ও আতঙ্ক। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা যায়, আজ বুধবার সকালে জেলা শহরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক দেখা গেলেও মানুষের মধ্যে কাটেনি আতঙ্ক। সড়কে যানবাহন চলাচল করছে খুবই কম, নিত্যপ্রয়োজনীয় কিছু দোকানপাট ছাড়া তেমন কোনো দোকানপাটও খোলা দেখা যায়নি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম।
ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখা হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে গতকাল রাত থেকে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজিবি সদস্যদের উপস্থিতি দেখা গেছে। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের চলাফেরায়ও সতর্কতা লক্ষ করা গেছে।
কোটালীপাড়ায় প্রায় আড়াই বছর পর খুলেছে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। সেখান থেকে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন এবং ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানান।
টুঙ্গিপাড়া সরকারি কলেজের বাইরে আগের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা ব্যানার টানিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
গোপালগঞ্জ সদরেও বিক্ষোভ মিছিল হয়েছে। আওয়ামী লীগের সমর্থক আইনজীবীরা আদালত বর্জন করে বিক্ষোভ করেছেন। দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মূলত এক রাতের সহিংসতায় আবারও অশান্ত উঠেছে গোপালগঞ্জ। টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও, পুলিশের গাড়ি ও থানা ভবনে অগ্নিসংযোগ, সড়কে ব্যারিকেড এবং সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ একাধিক বাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সংবাদকর্মীদের ভাষ্য অনুযায়ী, খেলার মাঠ থেকে কয়েকজন তরুণকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে উত্তেজনার সূত্রপাত। সন্ধ্যার পর থানা ঘেরাও করতে জড়ো হন আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতা-কর্মী ও স্থানীয় লোকজন। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
একই সময়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নিলফা এলাকায় যৌথ বাহিনীর গাড়িতেও আগুন দেওয়া হয়। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে, সদর উপজেলার বৌলতলীতে ও কাশিয়ানীতে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। কাশিয়ানীতে বিক্ষোভ মিছিলের সামনে পড়ে পুলিশের পরিদর্শক আবু আলম হামলার শিকার হন। তাঁকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
সব মিলিয়ে আগামীকালের কর্মসূচিকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে গোপালগঞ্জজুড়ে। টুঙ্গিপাড়া ও সদর ছাড়িয়ে কাশিয়ানী, কোটালীপাড়াসহ অন্যান্য উপজেলায়ও পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে উৎকণ্ঠায় সাধারণ মানুষ।
এক রাতের সহিংসতা কাটিয়ে গোপালগঞ্জের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও আগামীকালের লকডাউন কর্মসূচিকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাধারণ মানুষের প্রত্যাশা, রাজনৈতিক কর্মসূচি ঘিরে আর কোনো সংঘাত নয়, বরং ফিরে আসুক শান্তি ও স্বাভাবিক জীবনযাত্রা।









