Ajker Patrika

গোপালগঞ্জে রাতভর সহিংসতার পর থমথমে পরিস্থিতি, জনমনে আতঙ্ক

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে রাতভর সহিংসতার পর থমথমে পরিস্থিতি, জনমনে আতঙ্ক
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: আজকের পত্রিকা

গতকাল রাতের সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও সদর উপজেলায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগামীকাল ১৯ নভেম্বর সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচি ঘিরেও জেলায় উদ্বেগ তৈরি হয়েছে। ওই দিন পরিস্থিতি কেমন হবে, তা নিয়ে আলোচনা চলছে সর্বত্র। জেলার অন্য উপজেলাগুলোতেও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববারের সহিংসতা ও নাশকতার ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল গোপালগঞ্জের পরিস্থিতি। এর মধ্যে গতকাল মঙ্গলবার বিকেলে খেলার মাঠ থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ এলাকাবাসীর মধ্যেও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার দিকে গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে নিতে থানার সামনে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ। একপর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে থানার সামনে আসার আহ্বান জানানো হলে সেখানে হাজারো মানুষ জড়ো হন।

একপর্যায়ে তাঁরা থানায় ঢোকার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে সংঘর্ষ শুরু হয়। বিক্ষুব্ধ লোকজন ইটপাটকেল নিক্ষেপ করেন। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এসব উপেক্ষা করে একপর্যায়ে লোকজন থানার ভেতরে ঢুকে পড়েন। এ সময় থানার বাইরে থাকা পুলিশের চারটি গাড়িতে আগুন দেওয়া হয়। পরে থানার ভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

রাতের সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও সদর উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ছবি: আজকের পত্রিকা
রাতের সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও সদর উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ছবি: আজকের পত্রিকা

এদিকে শতাধিক লোকের একটি দল গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ তাঁর স্বজনদের ১০ থেকে ১৫টি বাড়িতে আগুন দেয় বলে জানা গেছে। সড়কে ব্যারিকেড ও বিক্ষুব্ধ লোকজনের অবস্থানের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

টুঙ্গিপাড়ার নিলফা এলাকাতেও স্থানীয় লোকজন ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেন। যৌথ বাহিনীর সদস্যরা উপজেলা সদরের দিকে যেতে চাইলে তাঁদের বাধা দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয়টি গাড়িতে আগুন দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ১০ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

টুঙ্গিপাড়ার নিলফা এলাকাতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেন। ছবি: আজকের পত্রিকা
টুঙ্গিপাড়ার নিলফা এলাকাতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেন। ছবি: আজকের পত্রিকা

আজ বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা শহরের সড়কগুলোতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। কিছু এলাকায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানও খুলেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। সাধারণ মানুষের চলাচলে সতর্কতা দেখা গেছে। বিভিন্ন এলাকায় লোকজনের আলোচনায় ছিল গত রাতের সহিংসতার ঘটনা।

সকালে জেলা শহর ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তেমন দেখা যায়নি। তবে সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজিবির সদস্য ও কয়েকটি গাড়ি দেখা যায়। কার্যালয়ের ফটকে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্যরা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ বা প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পুলিশের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে।

এদিকে গতকাল নিলফা এলাকায় যেসব গাড়িতে আগুন দেওয়া হয়েছিল, সেগুলোতে আজও আগুন জ্বলতে দেখা গেছে। স্থানীয়দের ভাষ্য, রাতে আগুন নিভে যাওয়ার পর সকালে আবারও আগুন দেওয়া হয়। এলাকার লোকজনের সঙ্গে কথা বলতে চাইলে তাঁদের মধ্যে ভীতি দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, ‘ভয়ে আছি। কখন কী হয়, বুঝতে পারছি না।’

অন্যদিকে, রাতে সদর উপজেলার বৌলতলীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ছাড়া সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কাশিয়ানীতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানানো হচ্ছে বলে স্থানীয়ভাবে শোনা যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত