Ajker Patrika

আটক আ.লীগ নেতাকে বিএনপি কর্মী দাবি করে থানা থেকে ছাড়ালেন বিএনপির আহ্বায়ক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
আটক আ.লীগ নেতাকে বিএনপি কর্মী দাবি করে থানা থেকে ছাড়ালেন বিএনপির আহ্বায়ক
আওয়ামী লীগ নেতা লোকমান হোসেনকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপির নেতারা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) গ্রাম কমিটির সহসভাপতি মো. লোকমান হোসেন নামের এক নেতাকে আটকের ১৩ ঘণ্টা পর বিএনপির কর্মী দাবি করে থানা-পুলিশের হেফাজত থেকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল আজাদ। তাঁরা বলছেন, ৫ আগস্টের পর বিএনপিতে যোগ দিয়েছেন লোকমান হোসেন।

আজ সোমবার দুপুরে শ্রীপুর থানায় মুচলেকা দিয়ে লোকমান হোসেনকে ছাড়িয়ে নেওয়া হয়। গতকাল রোববার রাতে তাঁকে আটক করে শ্রীপুর থানা-পুলিশ।

গ্রেপ্তার লোকমান হোসেন (৫৫) শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কেওয়া দক্ষিণখণ্ড গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের গ্রাম কমিটির সহসভাপতি।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অরাজকতা সৃষ্টির আশঙ্কায় আওয়ামী লীগের চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে লোকমান হোসেনের সম্পৃক্ততা তথা বিভিন্ন কর্মসূচির ছবি ও কমিটির তালিকা পেয়ে গতকাল রাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ওসি আরও বলেন, আটকের পরপরই উপজেলা বিএনপির আহ্বায়ক, সদস্যসচিবসহ একাধিক নেতা-কর্মী থানায় এসে লোকমান হোসেনকে তাঁদের কর্মী দাবি করে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেন। বিএনপি নেতাদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে লোকমান তাঁদের কর্মী। তাঁদের দলে যোগ দিয়েছেন। তাঁরা সে সময় বিএনপির কর্মসূচিতে লোকমানের বিভিন্ন ছবি উপস্থাপন করেন। মুচলেকায় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল আজাদ ও পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার স্বাক্ষর করেন।

উপজেলা বিএনপির সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল আজাদ বলেন, তিনি আওয়ামী লীগ করতেন। তবে ২৪ আগস্টের পর বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি এর আগেও বিএনপি করতেন। মাঝখানে আওয়ামী লীগ সুবিধা নিতে তাঁর একটি ছবি নিয়ে বিভিন্ন ধরনের পোস্টার-ব্যানার তৈরি করেছে। আওয়ামী লীগের গ্রাম কমিটিতে তাঁর নাম থাকার বিষয়টি তিনি নিজেই জানতেন না।

উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব বলেন, ‘আটক ব্যক্তি আমাদের বিএনপির কর্মী। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপিতে যোগদান করে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। গত সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেছেন। একটি কুচক্রী মহল বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে ভুল তথ্য দিয়ে তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছে।’

গাজীপুর পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, ‘বিষয়টি এখন পর্যন্ত আমি অবগত নই। আমি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি জরুরি মিটিংয়ে ছিলাম। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত