Ajker Patrika

কক্সবাজারে চাকরি মেলা, কর্মসংস্থানের সুযোগ পেলেন ১৩২ জন

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে চাকরি মেলা, কর্মসংস্থানের সুযোগ পেলেন ১৩২ জন
বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারে চাকরি মেলায় ১৩২ জন তরুণ-তরুণী কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। আজ সোমবার (২২ জুন) শহরের পাবলিক লাইব্রেরি অডিটরিয়ামে দিনব্যাপী এ চাকরি মেলার আয়োজন করা হয়।

পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগী সংস্থা বাস্তব ইনিশিয়েটিভ ফর পিপলস সেলফ ডেভেলপমেন্টের উদ্যোগে রেইজ প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করা হয়। মেলায় ওয়ালটন, বিডিজবস ডটকম, হোটেল গ্র্যান্ড প্যাসিফিক, প্রাণ-আরএফএল, হ্যামকোসহ হস্তশিল্প খাতের ২২টি প্রতিষ্ঠান অংশ নেয়। ‘ক্ষুদ্র উদ্যোগে মানব সক্ষমতা বৃদ্ধি’—এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত মেলায় ৩৪২ জন চাকরিপ্রার্থী অংশ নেন। এর মধ্যে প্রাথমিকভাবে ১৩২ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিতদের মধ্যে ৭৩ জন পুরুষ ও ৫৯ জন নারী। মেলায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের জন্য বিডিজবস ডটকমের প্রতিনিধিরা ক্যারিয়ার কাউন্সেলিং সেবাও দেন।

বাস্তব ইনিশিয়েটিভ ফর পিপলস সেলফ ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রুহি দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজহার উদ্দিন। এ সময় ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপক ও রেইজ প্রকল্পের উপপ্রকল্প সমন্বয়কারী গোলাম জিলানী এবং কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহানারা ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজহার উদ্দিন বলেন, রেইজ প্রকল্পের মতো কর্মসংস্থানমুখী উদ্যোগ যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে, প্রযুক্তিনির্ভর খাতে শিক্ষানবিশ কর্মসূচি তরুণদের জাতীয় অর্থনীতিতে আরও কার্যকরভাবে অবদান রাখতে সহায়তা করছে।

আয়োজকেরা জানান, এ পর্যন্ত রেইজ প্রকল্পের উদ্যোগে প্রায় ৭৩ হাজার বেকার তরুণ-তরুণীকে ট্রেডভিত্তিক কারিগরি ও জীবনদক্ষতা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে পিকেএসএফের ৯০টি সহযোগী সংস্থা দেশব্যাপী অনুরূপ চাকরি মেলার আয়োজন করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত