Ajker Patrika

শ্রীপুরে সাবেক মেয়র আনিছুর রহমানের জানাজায় মানুষের ঢল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
শ্রীপুরে সাবেক মেয়র আনিছুর রহমানের জানাজায় মানুষের ঢল
শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমানের জানাজায় দলমত নির্বিশেষে বিপুল মানুষ অংশগ্রহণ করে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনিছুর রহমানের জানাজার নামাজ আজ সোমবার বেলা ১১টায় মাধখলা গ্রামে তাঁর বাড়ির পাশে অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে ভাইয়ের শোকে মৃত্যুবরণ করা তাঁর বড় বোন রাশিদা খাতুনেরও জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দলমত নির্বিশেষে বিপুল মানুষের উপস্থিতি দেখা যায়।

সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আনিছুর রহমানকে শেষবারের মতো দেখতে এবং জানাজায় অংশ নিতে আসতে থাকেন। জানাজা মাঠ ছাড়িয়ে মুসল্লিরা আশপাশের সড়ক, অলিগলি ও বাসাবাড়ির উঠানে দাঁড়িয়ে নামাজে শরিক হন।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, আওয়ামী লীগ, শিক্ষক, আলেম সমাজ, গণমাধ্যমকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ।

জানাজা শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত মুসল্লিরা।

আনিছুর রহমান (৬২) গতকাল রোববার বিকেলে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি টানা চারবার শ্রীপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ২০২৪ সালের ১৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সারাদেশের ৩২৩ পৌরসভার মেয়র অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। সে সময় শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানকেও অপসারণ করা হয়।

বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আনিছুর রহমান জনসমক্ষে আসেননি। এর মধ্যে তিনি ডায়াবেটিস, কিডনি-সংক্রান্ত জটিলতাসহ শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। কিডনি জটিলতার কারণে তিনি নিয়মিত ডায়ালাইসিস করাতেন।

গত রোববার তাঁকে ডায়ালাইসিস করাতে উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। ডায়ালাইসিস চলাকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আনিছুর রহমানের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে তাঁর বড় বোন রাশিদা খাতুন জ্ঞান হারান। পরে তাঁকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত