Ajker Patrika

শিল্প নগরী গাজীপুরে ছুটির দিনেও সচল ১০ শতাংশ কারখানা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শিল্প নগরী গাজীপুরে ছুটির দিনেও সচল ১০ শতাংশ কারখানা
সাপ্তাহিক ছুটির দিনেও কারখানায় কাজে যাচ্ছেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

শ্রমিক অসন্তোষে গত এক মাস ধরে উত্তপ্ত গাজীপুর শিল্পাঞ্চলে শুক্রবার পরিস্থিতি স্বাভাবিক ছিল। সাপ্তাহিক ছুটির দিনেও গাজীপুরের মোট কারখানার ১০ শতাংশে উৎপাদন কার্যক্রম চলেছে। শিল্প পুলিশের দাবি, দিনভর কোথাও বিক্ষোভ, সড়ক অবরোধ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কলকারখানা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গাজীপুরে ছোট-বড় মিলিয়ে কলকারখানার সংখ্যা ৫ হাজার ২০০। নিবন্ধিত পোশাক কারখানা ২ হাজার ৭১টি হলেও নিয়মিত উৎপাদনে থাকা পোশাক কারখানার সংখ্যা ১ হাজার ৫০০। এর মধ্যে শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা ৯০০টি।

সচল কারখানাগুলোতে শুক্রবার সকাল থেকেই শ্রমিকেরা কাজে যোগ দেন। শ্রমিকদের ভাষ্য, তাঁরা অবরোধ ও ভাঙচুরের পক্ষে নন; শান্তিপূর্ণভাবে কাজ করতে চান।

শিল্প পুলিশ সূত্র জানায়, চলমান শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ৩২টি কারখানা নির্দিষ্ট মেয়াদে বন্ধ রাখা হয়েছে। শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাগুলো দ্রুত সচল হবে বলে শিল্প পুলিশ আশাবাদী।

গাজীপুর মহানগরীর বাংলাবাজার এলাকার পোশাকশ্রমিক ফরিদা বেগম বলেন, ‘টাকা কার না প্রয়োজন। ছুটির দিন কারখানা খোলা, কাজ করতে এসেছি। কাজ করলে টাকা পাব। কাজ না করলে কি টাকা দেবে কেউ? যে জায়গায় দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলছি, ঠিক এই জায়গায় আমাদের ভাই তৌফিককে পিটিয়ে মেরেছে। শ্রমিকদের দীর্ঘদিনের আন্দোলনের কারণে আমাদের বেতন বাড়ছে। আন্দোলন না করলে কি এমনিতেই বেতন বাড়ত? তাই শুক্রবারও কাজ করছি।’

শ্রীপুর শিল্পাঞ্চলের একটি পোশাক কারখানার সামনে কথা হয় পোশাকশ্রমিক মনির হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের দাবি পূরণ হয়েছে, এটা ঠিক; কিন্তু যে মজুরির ঘোষণা দেওয়া হয়েছে, তা আমাদের দাবির তুলনায় অতি নগণ্য। স্ত্রী-সন্তানের মুখে আহার তুলে দিতে কাজ করি। আন্দোলন আমরা কেন করব? ন্যায্য মজুরি ঘোষণা করেছে সরকার। ঘোষণা না হলেও তো কাজ করতে হবে। দেখুন, আমাদের মতো গরিবদের ছুটির দিন বলতে কিছু নেই।’

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, ‘শুক্রবার গাজীপুরের মোট কারখানার ১০ শতাংশ চালু রয়েছে। সকাল থেকে সবকিছু স্বাভাবিক চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিদিনের মতো সকাল থেকে দিনভর সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দিনভর গাজীপুর শিল্পনগরীর কোথাও কোনো ধরনের বিক্ষোভ বা সড়ক অবরোধ হয়নি। যে কারখানাগুলো খোলা রয়েছে, সেগুলোতে শ্রমিকেরা সুন্দরভাবে কাজ করছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত