কোনো অবস্থাতেই বাড়িভাড়া বাড়ানো যাবে না: বাড়ির মালিকদের সঙ্গে মতবিনিময়ে এমপি বাচ্চু

শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে। তাই কোনো অবস্থাতেই বাড়িভাড়া বাড়ানো যাবে না বলে জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। শ্রমিকদের ওপর নতুন করে আর্থিক চাপ সৃষ্টি না করতে শিল্পাঞ্চলের বাড়ির মালিকদের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ হলরুমে বাড়ির মালিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন সংসদ সদস্য।
বাড়ির মালিকদের উদ্দেশে তিনি বলেন, শ্রমিকদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িভাড়াও বাড়িয়ে দেওয়া হতে পারে। এ ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে কোনো অবস্থাতেই বাড়িভাড়া বাড়ানো যাবে না।
শ্রমিকদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, ‘গাজীপুর শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানাচ্ছি। সরকার ইতিমধ্যে শ্রমিকদের দাবি মেনে নিয়েছে। তাই কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে কাজে ফিরে যাওয়া উচিত। কোনো শ্রমিক কারখানায় হামলা, ভাঙচুর বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন না। কারণ, কারখানাই তাঁদের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন।’
তিনি আরও বলেন, শ্রমিকের ছদ্মবেশে পতিত আওয়ামী লীগের লোকজন শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকতে হবে।
সংসদ সদস্য বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিল্পকারখানার নিরাপত্তা ও উৎপাদন স্বাভাবিক রাখা সবার দায়িত্ব। কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ফকির, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকারসহ শতাধিক বাড়ির মালিক।









