
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হলে পারিবারিক ঐতিহ্য ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন করতে চান বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী শাহনূর ইসলাম রনি। পরিচ্ছন্ন-সবুজ, সেবা সহজ, জনবান্ধব, শিল্পবান্ধব, বিকল্প রাস্তা সম্প্রসারণ ও যানজটমুক্ত আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত গাজীপুর শহর গড়ার অঙ্গীকার করেছেন তিনি।
প্রচারণার শেষ দিনে আজ মঙ্গলবার টঙ্গী স্টেশন রোডের বাড়িতে তিনি নিজের নির্বাচনী ইশতেহারে এসব তথ্য তুলে ধরেন। এতে হিংসা, বিদ্বেষমুক্ত একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম উপহার দেওয়ার লক্ষ্যে ১৮ দফা ঘোষণা করেন তিনি।
ইশতেহারে তিনি বলেন, গাজীপুরের উন্নয়নের গোড়াপত্তন করেন টঙ্গীর সরকার পরিবার। বর্তমানে দেশের প্রায় সব জেলার লোকই গাজীপুর সিটিতে বসবাস করেন। এই সিটিতে জনসংখ্যা বাড়লেও নাগরিক সুবিধা বাড়েনি। অপরিকল্পিত নগরায়ণে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে এই নগরী। তিনি নির্বাচিত হলে গাজীপুর সিটিকে একটি পরিচ্ছন্ন সবুজ নগরী হিসেবে গড়ে তোলা, নাগরিক সেবা সহজ ও জনবান্ধব করার ব্যবস্থা করবেন।
স্বতন্ত্র প্রার্থী রনি বলেন, অতিরিক্ত কর আরোপের ফলে অনেক শিল্পপ্রতিষ্ঠান সিটির বাইরে চলে যাচ্ছে। মাত্রাতিরিক্ত ট্যাক্সসহ নানাবিধ বিড়ম্বনার কারণে শিল্পোদ্যোক্তারা ব্যবসা বন্ধ করে অন্যত্র চলে যাচ্ছেন। আমি নির্বাচিত হলে শিল্প ট্যাক্স সহনীয় মাত্রায় নির্ধারণ করব এবং শিল্পের সব সমস্যা চিহ্নিত করে একটি শিল্প ও শ্রমিকবান্ধব পরিবেশ গড়ে তুলব।
রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ করতে বিকল্প রাস্তা সম্প্রসারণ-উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করা হবে জানিয়ে ইশতেহারে তিনি আরও বলেন, গাজীপুরের সঙ্গে ঢাকার সহজ যোগাযোগের জন্য বনমালা রোড থেকে রেললাইনের পূর্বপাশ দিয়ে তুরাগ নদ পর্যন্ত রাস্তাটি সম্প্রসারণ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মহোদয়ের সঙ্গে যোগাযোগ করে তা কুড়িল বিশ্বরোড পর্যন্ত সম্প্রসারণ করব।
জয়দেবপুর জংশনের দক্ষিণপাশ এবং উত্তরপাশ দিয়ে আরও দুটি রাস্তা পূর্ব-পশ্চিমমুখী করে নির্মাণ করার উদ্যোগ নেওয়া হবে। রাস্তা নির্মাণ/প্রশস্তকরণে ভূমি অধিগ্রহণ আইন অনুযায়ী ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা হবে। নাওজোর-কাশিমপুর-জিরানী ও গাজীপুর-পুবাইল সড়কের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে। এ ছাড়া মহানগরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর রেলক্রসিংয়ের ওপর প্রয়োজন অনুসারে ওভারপাস নির্মাণ করা হবে।
মানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত না হলে জাতি পিছিয়ে যাবে, তাই ৫৭টি ওয়ার্ডে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত ৫৭টি স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ করা হবে। সুস্থ বিনোদন ও খেলাধুলার জন্য ৫৭টি সুপরিসর খেলার মাঠ নির্মাণ করার উদ্যোগ নেওয়া হবে। প্রতি ওয়ার্ডে দুই-তিন বিঘা জমির সমন্বয়ে গড়ে তোলা হবে পাখির অভয়ারণ্য।
টঙ্গী শিল্প এলাকার সুপ্রশস্ত রাস্তাগুলো দখলমুক্ত করে দুপাশে সবুজের সমারোহ ঘটানো হবে, নগরের ভেতর দিয়ে বয়ে যাওয়ার খালগুলোকে পরিকল্পিতভাবে খনন ও দখলমুক্ত করে স্বচ্ছ জলের আধার তৈরি করা হবে। নগরবাসীর জীবনযাত্রার মানের সঙ্গে সংগতি রেখে সহনশীল মাত্রায় সুষম ট্যাক্স নির্ধারণ করা হবে।
অগ্রাধিকার ভিত্তিতে জলাবদ্ধতা দূরীকরণের ব্যবস্থা, সুপরিকল্পিত আবাসন প্রকল্প গ্রহণ, সন্ত্রাস ও ইভ টিজিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। এ ছাড়া সমাজের নতুন সমস্যা কিশোর গ্যাং দমন ও বিপথগামী কিশোরদের সংশোধনের আওতায় আনার চেষ্টা করা হবে বলে ইশতেহারে উল্লেখ করা হয়।

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের আটহাজার গ্রামে শাশুড়ি রুনু বেগমকে (৬২) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূ ফাতেমা বেগমকে (২৬) আটক করেছে কাউনিয়া থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার পেশকার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রুনু বেগম ওই গ্রামের খলিল পেশকারের স্ত্রী।
৩ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরের উকুলবেড়ির বিলে মাছ ধরার জালে আটকে পড়া একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। পরে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
১৬ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সার ডিলার নিয়োগ নিয়ে মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় ময়মনসিংহ-৬ আসনের এমপি অধ্যক্ষ মুহা. কামরুল হাসান মিলনের ছোট ভাই কিরণকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে।
২১ মিনিট আগে
খুলনায় পৃথক ঘটনায় বিউটিশিয়ান ও নারী উদ্যোক্তা মনি খান এবং সিঙ্গাপুরপ্রবাসীর স্ত্রী ইতি আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সোনাডাঙ্গা থানা-পুলিশ। দুটি ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি তদন্ত করছে।
২৪ মিনিট আগে