শ্রীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটির মাথায় আটকা পড়ল চোর

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠে আটকা পড়ে চোর। খবর পেয়ে উদ্ধার করতে ছুটে এলেন ফায়ার সার্ভিস। ৩০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা জীবিত অবস্থায় তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. সুমন প্রধান বলেন, রাত সাড়ে ১০টার দিকে ছাতির বাজারের পাশে ইটভাটার পেছনে পল্লী বিদ্যুতের একটি খুঁটিতে উঠে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে এক চোর। চুরি করার সময় স্থানীয় একজন দেখে ডাকচিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাকে ঘিরে ফেলে। এ সময় নিচে থাকা এক চোরকে আটক করে স্থানীয়রা। শত শত মানুষের ভয়ে বৈদ্যুতিক খুঁটিতে থাকা চোর ভয়ে নিচে নামেনি। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় চোরকে জীবিত অবস্থায় উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে থাকা চোরকে জীবিত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।









