গাজীপুরে ৫ হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মা ও তিন মেয়েসহ পাঁচজনকে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. ফোরকান মোল্লার হদিস এখনো মেলেনি। তবে ঘটনার পর পদ্মা সেতু থেকে এক ব্যক্তির নদীতে ঝাঁপ দেওয়ার ভিডিও ফুটেজ পেয়েছে পুলিশ। ওই ব্যক্তিকে ফোরকান বলে ধারণা করলেও নিহত ব্যক্তিদের স্বজনেরা শতভাগ নিশ্চিত হতে পারেননি। আজ বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ৩টার দিকে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।
৯ মে গাজীপুরের কাপাসিয়ার রাউৎকোনা গ্রামে শারমিন (৩৫), তাঁর সন্তান মিম (১৬), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শারমিনের ভাই রসুলের (২২) রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। এই পাঁচ খুনের ঘটনায় শারমিনের স্বামী ফোরকান মোল্লাকে প্রধান আসামি করে কাপাসিয়া থানায় মামলা হয়েছে। ফোরকানের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায়। ছয় মাস আগে রাউৎকোনা গ্রামে স্ত্রী-সন্তানদের নিয়ে প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন তিনি।
পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় ১১ মে আসামির ব্যবহৃত মোবাইল ফোনটি মেহেরপুর সদর এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে জানা গেছে, একটি ট্রাকের হেলপার পদ্মা সেতুর মাঝামাঝি এলাকায় রেলিংয়ের পাশে মোবাইল ফোনটি পড়ে থাকতে দেখে সেটি নিয়েছেন। পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় পুলিশ দেখতে পায়, ১১ মে সকাল ৬টা ৪২ মিনিটে সাদা শার্ট ও কালো প্যান্ট পরা এক ব্যক্তি একটি সাদা প্রাইভেট কার থেকে নেমে রেলিংয়ের পাশে কিছু রেখে দেড়-দুই মিনিট অবস্থান করেন। পরে তিনি রেলিং টপকে পদ্মা নদীতে ঝাঁপ দেন। ভিডিও ফুটেজটি ফোরকানের স্বজনদের দেখালে তাঁরা জানান, পদ্মায় ঝাঁপ দেওয়া ব্যক্তি ফোরকান বলে ধারণা করছেন তাঁরা। তবে এ ব্যাপারে নিশ্চিত হতে পারছেন না তাঁরা। পুলিশ কর্মকর্তা বলেন, এ ব্যাপারে পদ্মা সেতু-সংলগ্ন থানাগুলোতে বেতার বার্তা পাঠানো হয়েছে। লাশ উদ্ধার ও লাশের ডিএনএ পরীক্ষা না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না। মামলার তদন্ত চলমান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ৮ মে রাতে ফোরকান তাঁর শ্যালক মো. রসুল মোল্লাকে গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে গোপালগঞ্জ থেকে গাজীপুরের কাপাসিয়ার বাসায় নিয়ে আসেন। এরপর ৮ মে রাত থেকে ৯ মে ভোরের মধ্যে যেকোনো সময় রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ বা অচেতনকারী পদার্থ মিশিয়ে স্ত্রী, তিন মেয়ে ও শ্যালককে অচেতন করা হয়। পরে চারজনকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে এবং একজনকে শ্বাসরোধে হত্যা করা হয়।

ময়মনসিংহ নগরীতে জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে নগরীর নতুন বাজার এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
১ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশনে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিধবা নারীকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার উপজেলার ওসমানগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
‘বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা এখন যে ধরনের বক্তব্য দিয়ে চলেছে, এটা কেবল তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষুদ্র প্রয়াস মাত্র। সেটিকে আমরা কোনোভাবে সফল হতে দেব না।’
১ ঘণ্টা আগে
উপজেলার আবুল হোসেন জহুরা উচ্চবিদ্যালয়ের মালিকানাধীন ও দখলীয় প্রায় এক বিঘা জমি নিজেদের দাবি করে জবরদখলের চেষ্টা করছেন এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন ফকির ও তাঁর লোকজন।
১ ঘণ্টা আগে