
দীর্ঘ ৫৩ বছর পর গাজীপুরের কাপাসিয়ায় এবার সংসদ নির্বাচনে জয় পেয়েছে জামায়াতে ইসলামী। ধানের শীষের প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন জামায়াতের সালাহউদ্দিন আইয়ুবী। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মস্থান কাপাসিয়ায় ভোটের এমন ফলে হতবাক অনেকে।
তাজউদ্দীন আহমদের জন্ম উপজেলার রায়েদ ইউনিয়নের দরদরিয়া গ্রামে। তাঁর বাড়ির পাশেই দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। স্বাধীনতার পর থেকে সব সময় এখানে নৌকা বিজয়ী হয়েছে। এবারই প্রথম তার ব্যত্যয় ঘটল। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও ঐতিহাসিকভাবে আওয়ামী ঘরানার ভোটব্যাংক হিসেবে পরিচিত এই কেন্দ্রে জামায়াতের জয় বড় রাজনৈতিক বার্তা বহন করছে।
এবার এই কেন্দ্রের ১ হাজার ৯৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৯৬ জন। তাঁদের মধ্যে জামায়াত পেয়েছে ৬৭৮ ভোট, বিএনপি পেয়েছে মাত্র ৩২৮ ভোট।
৩ লাখ ৩০ হাজার ৯৭৭ ভোটারের গাজীপুর-৪ আসনে ভোট পড়েছে ৬১ দশমিক ৬৫ শতাংশ। মোট প্রার্থী ছিলেন আটজন। দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১ হাজার ৭৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সালাহউদ্দিন আইয়ুবী। ধানের শীষের প্রার্থী সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট। দুজনের ব্যবধান ১১ হাজার ৩৮৯ ভোট।
সালাহউদ্দিন আইয়ুবীর নিজ কেন্দ্র বেলাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে ধানের শীষ পেয়েছে ৫১১ ভোট। আর দাঁড়িপাল্লা পেয়েছে ১ হাজার ৫১৩ ভোট।
শাহ রিয়াজুল হান্নানের ঘাগুটিয়া চালা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ৬৪ শতাংশ। ধানের শীষ পেয়েছে ৮৫৩ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৩৩৩ ভোট।
অনেকের ধারণা ছিল, আওয়ামী লীগ মাঠে না থাকায় কাপাসিয়ায় এবার বিএনপি সুবিধাজনক অবস্থানে থাকবে। আ স ম হান্নান শাহ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁর পরিবারের প্রতি স্থানীয়দের আবেগ এ ক্ষেত্রে কাজে দেবে। তবে শেষ পর্যন্ত এমন সমীকরণ ভুল প্রমাণিত হয়েছে। বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং কিছু নেতা-কর্মীর নেতিবাচক কর্মকাণ্ড ভোটের মাঠে প্রভাব ফেলেছে।
কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির সদস্য মফিজ উদ্দিন বলেন, মানুষ এখন আর মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বসে নেই। নানা বিষয় এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। বিএনপির নেতা-কর্মীদের নানা কর্মকাণ্ডও প্রভাব ফেলেছে।
বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নান বলেন, ‘আমাদের কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তার দায়ভার আমি নিচ্ছি।’ বিজয়ী জামায়াতের সালাহউদ্দিন আইয়ুবী বলেন, ‘মানুষ আমাকে রায় দিয়েছেন। সবার অংশগ্রহণে কাপাসিয়াকে এগিয়ে নিতে চাই।’

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের সীমানাপ্রাচীরের ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী সাত থেকে আটটি কাভার্ড ভ্যানে আগুন ও বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি।
৩৬ মিনিট আগে
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। রোববার বিকেলে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে মারা যান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম। আর শনিবার ক্যানসারে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট...
৪১ মিনিট আগে
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আট দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদন শুরু করেছে। এর আগে ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
৪২ মিনিট আগে
দুপুরের রান্না শেষে পুকুরে পানি আনতে গিয়েছিলেন বৃদ্ধা খাদিজা আক্তার (৬০)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন তাঁরা।
১ ঘণ্টা আগে