
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্যাংকে রাখা প্রায় ১৮ লাখ টাকা আত্মসাতের উদ্দেশ্যে অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজ মেয়ের বিরুদ্ধে। এ ঘটনায় নিহত বৃদ্ধের আরেক মেয়ের দায়ের করা হত্যা মামলার আড়াই মাস পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য ওই বৃদ্ধের মরদেহ কবর থেকে উত্তোলন করেছে প্রশাসন।
আজ বুধবার সকালে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার নলডাঙ্গা এলাকার কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়।
নিহত বৃদ্ধের নাম তৈয়ব আলী সরকার। তাঁর বাড়ি সাদুল্লাপুর উপজেলার তালুক সাহাবাজ গ্রামে। গত ২৩ জুন তাঁর বড় মেয়ে কহিনুর বেগম (৬০) বাদী হয়ে ছোট বোন রহিমা বেগমসহ (৪৫) চারজনের নাম উল্লেখ করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে।
এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন রহিমা বেগমের মেয়ে সুমাইয়া আক্তার (২৫), সুমাইয়া আক্তারের স্বামী হামিদুল ইসলাম (৩৫) এবং নলডাঙ্গা ইসলামী ব্যাংকের ম্যানেজার সোহাগ মিয়া।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, তৈয়ব আলীর নলডাঙ্গার ইসলামী ব্যাংক শাখায় প্রায় ১৮ লাখ টাকা জমা ছিল। ওই টাকা আত্মসাতের উদ্দেশ্যে ছোট মেয়ে রহিমা বাবার চেক বই চুরি করেন। চেক বই হারানোর বিষয়টি বুঝতে পেরে ২০২৫ সালের ১২ জানুয়ারি বৃদ্ধ ব্যাংকে লিখিতভাবে জানান এবং তাঁর হিসাব থেকে কেউ টাকা তুলতে এলে যেন তা না দেওয়া হয়, সে বিষয়েও অনুরোধ করেন।
মামলার বিবরণে বলা হয়, চলতি বছরের ১৪ মার্চ মেয়ে রহিমা অসুস্থ বাবাকে চিকিৎসার কথা বলে নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় বড় মেয়ে উন্নত চিকিৎসার জন্য বাবাকে রংপুর নিতে চাইলে রহিমা তাতে বাধা দেন। অভিযোগ রয়েছে, পরবর্তীকালে আসামিরা পরস্পর যোগসাজশ করে জোরপূর্বক তৈয়ব আলীর কাছ থেকে চেকের পাতায় স্বাক্ষর নেন এবং দুই দফায় ব্যাংক থেকে ১৭ লাখ ৭২ হাজার ৬৩৮ টাকা তুলে আত্মসাৎ করেন।
এজাহারে অভিযোগ করা হয়েছে, জোরপূর্বক স্বাক্ষর নিয়ে টাকা উত্তোলনের বিষয়টি বৃদ্ধ যেন কাউকে জানাতে না পারেন, সেই আশঙ্কা থেকে চলতি বছরের ১৯ মে রাত ১১টার দিকে রহিমা অন্যান্য আসামিদের সহায়তায় বাবাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর বিষয়টি ধামাচাপা দিতে দ্রুত তাঁর দাফন সম্পন্ন করা হয়।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে উন্নত ময়নাতদন্তের স্বার্থে আজ বুধবার সকালে সেটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ১ কোটি ১০ লাখ টাকার বেশি মূল্যের ৫টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ আগস্ট) ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।
৯ মিনিট আগে
ঢাকার সাভারে চুরির অভিযোগে এক কিশোরকে বিদ্যুতের খুঁটির সঙ্গে শিকল দিয়ে বেঁধে রেখেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, কিশোরটি মাদকাসক্ত এবং নেশার টাকা জোগাড় করতে প্রায়ই বিভিন্ন বাড়ি থেকে ছোটখাটো জিনিসপত্র চুরি করে। আজ বুধবার সকালে সাভার পৌর এলাকার কাঞ্চনপুরে এ ঘটনা ঘটে...
১৮ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহাদেও নদে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুই নৌকার চাপায় রিফাত (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের বরুয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিফাত সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার গন্দিরগাঁও গ্রামের সেকুল মিয়ার ছেলে।
২৪ মিনিট আগে
নেত্রকোনায় টহলরত জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের দেখে দৌড়ে পালানোর সময় খালের পানিতে পড়ে সাব্বির শেখ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার হরিখালি খাল এলাকায় এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে