ধানখেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার

ধানখেতে আত্মগোপন করেও পুলিশের হাত থেকে রক্ষা পেলেন না গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকার (৪৬)। আজ শুক্রবার ভোররাতে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে জয়পুরহাটের কালাই উপজেলার একটি ধানখেত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মজনু সরকার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে। তিনি শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মজনু সরকার সীমান্তবর্তী এলাকার একটি ধানখেতে আত্মগোপন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানখেতে লুকিয়ে থাকা অবস্থায় মজনু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।









