Ajker Patrika

অবৈধ সম্পদের অভিযোগ, ফেনীর সাবেক এমপি ও মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা

ফেনী প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ২৩: ০২
অবৈধ সম্পদের অভিযোগ, ফেনীর সাবেক এমপি ও মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা
হাজী রহিম উল্লাহ, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল এবং তাঁর স্ত্রী লুৎফুর নাহার চৌধুরী। ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ, পরশুরাম পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল এবং তাঁর স্ত্রী লুৎফুর নাহার চৌধুরীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনজনের বিরুদ্ধে মোট ১১ কোটি ২৬ লাখ ৯৩ হাজার ৩২৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আজ বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালীর সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেন বাদী হয়ে মামলাগুলো করেন।

দুদকের মামলা সূত্রে জানা গেছে, হাজী রহিম উল্লাহর বিরুদ্ধে ৩ কোটি ৮৪ লাখ ৪৬ হাজার ৫২১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে নিজের ও স্ত্রীর নামে ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

৬৭ বছর বয়সী রহিম উল্লাহ ২০১৪ সালের ২৯ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত ফেনী-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। সংসদ সদস্য থাকাকালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া এবং অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা করা হয়েছে।

পরশুরাম পৌরসভার সাবেক মেয়র সাজেলের বিরুদ্ধে ৬ কোটি ৮৭ লাখ ৪৬ হাজার ৮০২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে সম্পদ বিবরণীতে ৩৬ লাখ ২৮ হাজার ৮২৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগও রয়েছে।

৪৬ বছর বয়সী সাজেল দুই মেয়াদে পরশুরাম পৌরসভার মেয়র ছিলেন। তাঁর বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করা হয়েছে।

লুৎফুর নাহার চৌধুরীর বিরুদ্ধে স্বামীর সঙ্গে যোগসাজশে ৫৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। ৪৪ বছর বয়সী লুৎফুর নাহারের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।

দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের আদালত পরিদর্শক মো. ইদ্রিস বলেন, ‘দুদকের অনুসন্ধানে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এর ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছে।’

২০২৪ সালের ১২ অক্টোবর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে হাজী রহিম উল্লাহকে গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন তাঁকে ফেনী সদর আমলি আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাসহ বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পরশুরাম পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজেল আত্মগোপনে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত