মামলা নিতে অস্বীকৃতির অভিযোগে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন আদালত। সেই নির্দেশের পর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।
আজ শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আগামীকাল রোববার থেকে তদন্ত কার্যক্রম শুরু হবে।
এর আগে ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোরশেদ খান ৯ আগস্ট ওসিকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে দুটি ঘটনায় মামলা নিতে অস্বীকৃতির অভিযোগ তদন্ত এবং তাঁর বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মু. সাইফুল ইসলাম বলেন, পুলিশ সুপারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটিতে আমি, ডিআইও মুহাম্মদ রশীদ ও দাগনভূঞা থানার পরিদর্শক (অপরাধ) রয়েছেন। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রোববার থেকে তদন্ত কাজ শুরু হবে।
তদন্তের বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত চলছে। কিছু বিষয় একান্তই ডিপার্টমেন্টাল বিষয়, এগুলো মিডিয়ায় আসার মতো বিষয় নয়। কী তদন্ত হচ্ছে বা না হচ্ছে, সেটাও আমাদের ইন্টারনাল বিষয়। তদন্তে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে জানতে চাইলে তিনি বলেন, আদালত যে বিষয়গুলো বলেছে, সেগুলোই তদন্ত হবে।
আদালতের প্রত্যাহারের নির্দেশের পর তদন্ত কমিটি গঠনের বিষয়ে পুলিশ সুপার বলেন, আমরা যেটিই করি তা আমাদের দাপ্তরিক বিধি অনুযায়ী করা হবে। আদালতের আদেশ আমাদের ডিপার্টমেন্টের আলোকেই সম্পন্ন হবে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) সাহাব উদ্দিন আহমেদ বলেন, ৯ আগস্ট আদালত দাগনভূঞা থানার ওসিকে প্রত্যাহার ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পর ১২ আগস্ট ওই কর্মকর্তা আদালতে হাজির হয়ে বিচারকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলে বিচারক তাঁকে বলে দেন, আমার সঙ্গে আপনার কোনো কাজ নেই।
সাহাব উদ্দিন আহমেদ আরও বলেন, আদালত মূলত এ কর্মকর্তার দায়িত্বহীনতার বিষয়টি তাঁর ডিপার্টমেন্টকে জানিয়েছে। আদালতের নির্দেশের পর পুলিশ তদন্ত করবে। পুলিশ সুপার তদন্ত সাপেক্ষে কী ব্যবস্থা নিয়েছেন, সে বিষয়টি আদালতকে অবহিত করবেন।
দাগনভূঁঞা থানার ওসিকে প্রত্যাহারের বিষয়ে ফেনীর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান বলেন, আদালতের “ব্যবস্থা” শব্দের অর্থ আইনগত ব্যবস্থা। আইনগত ব্যবস্থার পূর্বশর্ত অনুসন্ধান ও তদন্ত। অনুসন্ধান ও তদন্ত ছাড়া আইনগত ব্যবস্থা নেওয়া আইনে নিষিদ্ধ।
এর আগে দাগনভূঞার মোমারিজপুর এলাকার এক নারী (২৪) তাঁর স্বামী রাকিব হাসান হৃদয়সহ পাঁচজনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধর ও গুরুতর আঘাতের অভিযোগ করেন। থানায় মামলা করতে ব্যর্থ হয়ে তিনি আদালতে অভিযোগ করেন। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে তদন্তের প্রয়োজনীয়তা দেখতে পান।
আদালতের আদেশে বলা হয়, নারীকে আসামিদের কবল থেকে উদ্ধারের জন্য তাঁর স্বজনেরা ৯৯৯ নম্বরে ফোন করলে দাগনভূঞা থানার পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাঁর চিকিৎসার কাগজপত্রে মাথায় আঘাতসহ শারীরিক আঘাতের উল্লেখ রয়েছে। গুরুতর আহত একজন নারীকে পুলিশ উদ্ধারের পরও তাঁর অভিযোগ কেন মামলা হিসেবে নেওয়া হয়নি, তা বোধগম্য নয়।
শুনানির সময় একই থানায় আরেকটি ঘটনায় মামলা নিতে অস্বীকৃতির অভিযোগও আদালতের নজরে আনা হয়। ওই ঘটনায় এক নারীকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ করা হলেও থানায় মামলা নেওয়া হয়নি বলে আইনজীবীরা আদালতকে জানান। এ সময় ভিকটিমের ঝুলন্ত অবস্থার একটি ছবিও আদালত পর্যবেক্ষণ করেন।
দুটি ঘটনায় মামলা নিতে অস্বীকৃতির বিষয়টি গুরুতর উল্লেখ করে আদালত বলেন, এতে সংশ্লিষ্ট কর্মকর্তার থানায় দায়িত্ব পালনের অযোগ্যতার ইঙ্গিত পাওয়া যায়। এরপর ওসিকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে অভিযোগ দুটি তদন্ত এবং তাঁর বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে নির্দেশ দেন আদালত।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসে উচ্চস্বরে গল্প করাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতির জেরে ফের মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সামনে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিপরীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় রেজাউল ইসলাম (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৫ মিনিট আগে
বাড়িতে বিয়ের আনন্দ। উঠানে স্বজনদের ভিড়, নতুন বউকে ঘিরে হাসি-গল্প আর অতিথি আপ্যায়নের ব্যস্ততা। কেউ খাবারের আয়োজন নিয়ে ব্যস্ত, কেউবা নতুন বউয়ের পাশে বসে কথা বলছিলেন। সেই আনন্দের মধ্যেই হঠাৎ খবর আসে-পুকুরে মৃত অবস্থায় পাওয়া বিয়েতে আসা গেছে দুই শিশুকে...
৮ মিনিট আগে
ঢাকার হাজারীবাগ এলাকায় পিকআপ ভ্যানচালক আসাদুল ইসলামকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৬ এর বিচারক নাজমুন নাহার নীপু এ রায় ঘোষণা করেন।
১৩ মিনিট আগে