
ট্র্যাডিশনাল শিক্ষার পাশাপাশি দেশ ও দেশের বাইরে তরুণ-তরুণীদের কর্মসংস্থানমুখী শিক্ষায় সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় একটি আধুনিক লাইব্রেরি স্থাপনের পরিকল্পনাও রয়েছে সরকারের। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১০টায় শহরের গোয়ালচামটের পুরোনো বাস টার্মিনাল এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।
সদর উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, স্বৈরাচারের আমলে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশের শিক্ষা খাত ধ্বংস করা হয়েছে। কারণ, শিক্ষা খাতকে ধ্বংস করা গেলে নতুন প্রজন্মকেও ধ্বংস করা যায়। দীর্ঘদিনের সেই সংকট কাটিয়ে এখন শিক্ষা খাত পুনর্গঠনের সুযোগ এসেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। প্রধানমন্ত্রীর ১৮০ দিনের কর্মপরিকল্পনায় কর্মসংস্থান বৃদ্ধি ও দক্ষ মানবসম্পদ তৈরির বিষয়টি গুরুত্ব পেয়েছে। ট্র্যাডিশনাল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে তরুণদের দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে।
নারী শিক্ষা ও ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নারী শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। তিনি মেয়েদের প্রথম শ্রেণি থেকে কলেজ পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। বর্তমান সরকার সেই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে গিয়ে নারীদের স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদের ক্ষমতায়ন করা গেলে দেশ এগিয়ে যাবে, গণতন্ত্র সুসংহত হবে এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে।
মাদক প্রতিরোধে সুশিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক লাইব্রেরি স্থাপন করতে চাই, যাতে তরুণ প্রজন্ম বইমুখী হয়। তিনি জানান, এই প্রস্তাব ইতিমধ্যে ডিসি সম্মেলনেও উপস্থাপন করা হয়েছে।
আলোচনা সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এইচ এম আমান উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এ টি এম জাফর উল্লাহসহ অন্যরা।
এ সময় ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় মা ও তার ২২ মাস বয়সী মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪। এদিকে, নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৫৪ জন রোগী।
৩৫ মিনিট আগে
রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের ১৫ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি হুমায়রা জান্নাত (৪)। তাকে উদ্ধারে রাতভর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বাড়ির আশপাশ, পুকুর এবং জঙ্গল এলাকায় তল্লাশি চালালেও এখনো কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
৪০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রাব্বি ও তাঁর অন্যতম সহযোগী সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ তথ্য জানান সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন।
১ ঘণ্টা আগে