Ajker Patrika

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না: দিলারা চৌধুরী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ২৮
নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না: দিলারা চৌধুরী
জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ‘জুলাই আন্দোলন ও নারী অধিকার’ শীর্ষক সেমিনার। ছবি: সংগৃহীত

নারীরা যত দিন রাজনৈতিক ক্ষমতার অংশীদার হতে না পারবেন, তত দিন তাঁদের প্রতি অবজ্ঞা দূর হবে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী ও আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজের প্রধান আহ্বায়ক ড. দিলারা চৌধুরী।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ‘জুলাই আন্দোলন ও নারী অধিকার’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে দিলারা চৌধুরী এসব কথা বলেন। আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ এ সেমিনারের আয়োজন করে।

দিলারা চৌধুরী বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে অসংখ্য নারীর সাহসী অংশগ্রহণ ও আত্মত্যাগ আন্দোলনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ওই পরিবর্তনের মধ্য দিয়ে আইনের শাসন, সুশাসন, ন্যায়বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন ভবিষ্যৎ তৈরির প্রত্যাশা করেছিলেন নারীরা। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে সেই প্রত্যাশার প্রতিদানে আজ অসংখ্য নারী অবহেলা, নিরাপত্তাহীনতা ও হতাশার শিকার হচ্ছেন।

রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে দেশে নারীর ওপর সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের একের পর এক ঘটনা গভীর উদ্বেগ তৈরি করছে। নারী নির্যাতন, নারীর মর্যাদাহানি, প্রকাশ্য দিবালোকে মারধর, অপমান ও অকথ্য ভাষায় গালিগালাজের মতো ঘটনা ক্রমেই দৃশ্যমান হচ্ছে। এসব ঘটনা শুধু নারীর মৌলিক অধিকার ও মর্যাদাকে ক্ষুণ্ন করছে না, একই সঙ্গে আইনের শাসন, সামাজিক ন্যায়বিচার এবং রাষ্ট্রের নাগরিক সুরক্ষা দেওয়ার সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলছে।

সেমিনারে বক্তারা গত কয়েক মাসে নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে নারী নির্যাতন বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সেমিনারে আলোচনায় অংশ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, নারীর অধিকারের বিষয়ে সব নাগরিকের ইতিবাচক ভূমিকা জরুরি। পুরুষের সঙ্গে নারীর অধিকার সাংঘর্ষিক নয়। দেশের বেশির ভাগ মসজিদে নারীদের প্রবেশাধিকার না থাকার বিষয়টি দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। ধর্মভিত্তিক দলগুলোর নেতাদের নারীর রাজনৈতিক ও সামাজিক উপস্থিতির বিষয়ে সম্মান দেখানোর আহ্বান জানান তাজুল ইসলাম।

সাবেক কূটনীতিক সাকিব আলী বলেন, দেশের ২ শতাংশ মানুষ বাদে অন্য ৯৮ শতাংশ মানুষের ওপর জুলুম করা হচ্ছে। কেউ জুলুমের শিকার হয়ে জুলুমবাজ হয় না; অথচ আমরা এমন একটি সমাজ তৈরি করছি, যেখানে সবাই জুলুমবাজ হতে চায়।

অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন বলেন, জুলাইয়ের নারীরা প্রতি মুহূর্তে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। নারীদের নিয়ে খারাপ মন্তব্য করা রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বহিষ্কার করে দৃষ্টান্ত স্থাপনের জন্য দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মারদিয়া মমতাজ বলেন, রাজনীতি ও নির্বাচনে শুধু নারীদের অংশগ্রহণ বাড়ানোর দাবি করলেই হবে না। নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত না করতে পারলে তাদের অংশগ্রহণ বাড়ানো সম্ভব হবে না।

সংগঠনের সহ-আহ্বায়ক ফাহিম মাসরুরের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের আরেক সহ-আহ্বায়ক রুবি আমাতুল্লাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত