
ফরিদপুরের সদরপুরে সড়কে বন্যপ্রাণী ব্যবহার করে চাঁদাবাজির সময় হাতির ধাক্কায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে গিয়ে ১০ মাস বয়সী এক শিশুকন্যা নিহত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সদরপুর-পুখুরিয়া আঞ্চলিক সড়কের আটরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশুটির নাম আরিশা জান্নাত। সে পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলপালদি গ্রামের বাসিন্দা সজিব মোল্লার মেয়ে।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী হাতির মাহুতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বর্তমানে হাতিটি পুলিশি হেফাজতে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে অসুস্থ শিশু আরিশাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে একটি ইজিবাইকে করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন তার মা। গাড়িটিতে শিশুসহ অন্তত ছয়জন যাত্রী ছিলেন।
ইজিবাইকটি আটরশি এলাকায় পৌঁছালে সড়কে যানবাহন থামিয়ে টাকা আদায় করতে থাকা মাহুত হাতিকে দিয়ে আটকানোর চেষ্টা করে। এ সময় হাতির শুঁড়ের ধাক্কায় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে গাড়ির নিচে চাপা পড়ে মারাত্মকভাবে আহত হয় ১০ মাসের আরিশা।
স্থানীয়রা দ্রুত শিশুটিকে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
ইজিবাইকটির এক যাত্রী বলেন, গাড়িটি ধীর গতিতেই চলছিল। হঠাৎ হাতিটি শুঁড় দিয়ে গাড়িটি ঠেকায়। চালক ব্রেক করতে গেলে গাড়িটি উল্টে যায় এবং শিশুটি নিচে চাপা পড়ে।
ঘটনার পরপরই স্থানীয় উত্তেজিত জনতা হাতির মাহুত বকুল মিয়াকে (২৪) আটক করে পিটুনি দেয় এবং হাতিটিকে একটি গাছে বেঁধে রাখে। খবর পেয়ে সদরপুর থানা-পুলিশ এসে মাহুতকে হেফাজতে নেয়।
আটক বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জানান, আটক মাহুতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
তিনি বলেন, হাতিটি আমাদের হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে বন বিভাগকে জানানো হয়েছে।
এদিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ আইন অনুযায়ী সড়কে বন্যপ্রাণী দিয়ে অর্থ আদায় বা চাঁদাবাজি সম্পূর্ণ বেআইনি হলেও দেশের বিভিন্ন আঞ্চলিক সড়কে প্রায়শই এমন চিত্র দেখা যায়।
এ বিষয়ে ফরিদপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক তাওহীদ হোসেন জানান, থানা থেকে জানানোর পর বন বিভাগের প্রতিনিধি ঘটনাস্থলে যায়।
তিনি বলেন, ‘আইন অনুযায়ী সড়কে বন্যপ্রাণী দিয়ে চাঁদাবাজি করা সম্পূর্ণ বেআইনি। প্রাথমিক তথ্যে জানা গেছে, মাহুত মূলত অন্য একজনের কাছ থেকে হাতিটি ভাড়া নিয়েছিলেন। হাতির মালিককে তলব করা হয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য বিষয়টি খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে বসা ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানগুলোর সরঞ্জাম জব্দ করা হয়।
১৩ মিনিট আগে
বরগুনা সদরে একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিকেলে উপজেলার সোনারবাংলা নামক এলাকায় গাজী টেলিভিশনের (জিটিভি) লোগো লাগানো একটি প্রাইভেটকারের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
১৬ মিনিট আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক মো. জাওয়াদুল হককে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগে দায়ের করা মামলায় আব্দুস সালাম (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গভীর রাতে নগরীর প্যারামেডিক্যাল এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তার নামে ছবি, ভিডিও ও অপারেশনাল তথ্য প্রকাশে কঠোর নির্দেশনায় উদ্বেগ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। সংগঠনটি নির্দেশনাকে নজিরবিহীন ও বেআইনি আখ্যা দিয়ে অবিলম্বে প্রত্যাহার এবং সাংবাদিকদের জন্য সহযোগিতামূলক পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে।
৩২ মিনিট আগে