Ajker Patrika

ফুলবাড়ীতে উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণায় ২ দৃষ্টি প্রতিবন্ধী

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ফুলবাড়ীতে উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণায় ২ দৃষ্টি প্রতিবন্ধী
ফুলবাড়ী পৌর শহরের উত্তর সুজাপুর প্রফেসরপাড়া গ্রামে স্থানীয় বেসরকারি সংস্থা বেসিকের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনার। ছবি: আজকের পত্রিকা

শারীরিক প্রতিবন্ধকতা কিংবা দৃষ্টিহীনতা সফলতার পথে বাধা নয় বলে মন্তব্য করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী দুই সফল ব্যক্তি। দিনাজপুরের ফুলবাড়ীতে উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থানবিষয়ক এক সেমিনারে তাঁরা হতাশাগ্রস্ত যুবক-যুবতীদের চেষ্টা, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান।

আজ শনিবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফুলবাড়ী পৌর শহরের উত্তর সুজাপুর প্রফেসরপাড়া গ্রামে স্থানীয় বেসরকারি সংস্থা বেসিকের উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে ১৩ জন প্রতিবন্ধী এবং ১৭ জন প্রান্তিক জনগোষ্ঠীর নারী-পুরুষসহ মোট ৩০ জন অংশ নেন।

সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে দুই হাতবিহীন শারীরিক প্রতিবন্ধী বিমল মার্জী পা দিয়ে ছবি আঁকেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী শিউলি বেসরা সেলাইয়ের প্রশিক্ষণ নিয়ে বর্তমানে একটি দর্জির দোকান পরিচালনা করছেন। নিজের কর্মসংস্থানের পাশাপাশি তিনি প্রতিবেশীর কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করেছেন। অংশগ্রহণকারীদের মধ্যে দুজন ফ্রিল্যান্সারও রয়েছেন।

বেসিকের নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিত্ব মো. সাইদুল হক।

বিশেষ অতিথি ছিলেন বার্ডের সভাপতি ও দৃষ্টিপ্রতিবন্ধী আইনজীবী অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন মজুমদার এবং গ্রিন ফ্রেন্ডসের (পরিবেশ) সভাপতি পবন রিচার্ড রিচিল।

দৃষ্টিপ্রতিবন্ধী দুই অতিথি নিজেদের জীবনের সংগ্রাম, সফলতা ও অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও সম্পদ। নিজেদের প্রতিভা বিকশিত করতে প্রয়োজন চেষ্টা ও পরিশ্রম। আমাদের দেখে তোমাদের উপলব্ধি করতে হবে, সব প্রতিবন্ধকতা জয় করে সামনে এগিয়ে যেতে হবে। মনোবল বাড়িয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।’

অতিথিদের সংগ্রাম ও সফলতার গল্প শুনে উপস্থিত উদ্যোক্তা এবং কর্মসংস্থানপ্রত্যাশী যুবকদের মধ্যে সাড়া পড়ে। দৃষ্টিহীন হয়েও সমাজে প্রতিষ্ঠিত হয়ে অন্যদের অনুপ্রাণিত করার উদাহরণ অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখে।

সেমিনার শেষে অতিথিরা ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ এলাকায় বেসিক পরিচালিত ‘বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়’ পরিদর্শন করেন। সেখানে তাঁরা আমলকীগাছের একটি চারা রোপণ করেন এবং প্রতিবন্ধী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত