
বাসাবাড়ি থেকে নির্ধারিত ১০০ টাকার বেশি বর্জ্য সংগ্রহ বিল আদায় করলে এবং নিয়মিত ময়লা অপসারণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের (পিসিএসপি) লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
আজ সোমবার রাজধানীর নগর ভবন অডিটরিয়ামে বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন ডিএসসিসি প্রশাসক।
সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, বিভিন্ন এলাকা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা আদায় করছে এবং প্রতিদিন বর্জ্য সংগ্রহ করছে না। তিনি বলেন, ‘এটি কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রতিটি ফ্ল্যাট বা বাসাবাড়ি থেকে মাসিক সর্বোচ্চ ১০০ টাকা এবং তা অবশ্যই নির্ধারিত রসিদের মাধ্যমে সংগ্রহ করতে হবে।’
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে লাইসেন্স বাতিল করা হবে।
এ ছাড়া ‘দিনের বর্জ্য দিনেই’ অপসারণ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো এলাকায় যাতে ময়লা জমে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয়।
কোরবানির ঈদকে সামনে রেখে বিশেষ প্রস্তুতির অংশ হিসেবে ঈদের পরবর্তী তিন দিন কোনো পরিচ্ছন্নতা কর্মী বা সংশ্লিষ্ট কর্মকর্তা ছুটিতে থাকতে পারবেন না বলেও জানানো হয়। প্রতিটি ওয়ার্ড পুরোপুরি বর্জ্যমুক্ত না হওয়া পর্যন্ত কর্মীদের মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পিসিএসপি ঠিকাদারদের সরাসরি মাঠে উপস্থিত থেকে কাজ তদারকি এবং পর্যাপ্ত ভ্যান ও জনবল নিশ্চিত করতে বলা হয়েছে।
সভায় নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং পরিচ্ছন্নতাকর্মীদের পরিচ্ছন্ন পোশাক পরিধানের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
রাস্তা বা খালে ময়লা ফেলা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রশাসক বলেন, কোনো বাসা থেকে নির্ধারিত স্থানের বাইরে ময়লা ফেলা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনা শুধু একটি সেবা নয়, এটি একটি মানবিক ও সামাজিক দায়িত্ব। চুক্তির শর্ত ভঙ্গ করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
সভায় ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে পদ্মা নদীর অব্যাহত ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি হয়েছে। মঙ্গলবার পূর্বরাখি গ্রামসংলগ্ন নদীতীরে আয়োজিত কর্মসূচি থেকে দ্রুত জিওব্যাগ, কংক্রিট ব্লক নিক্ষেপ এবং দীর্ঘমেয়াদি নদীশাসন পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানানো হয়।
৪ মিনিট আগে
খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে ১ হাজার ৭০৫ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে প্রকাশিত ভোটার তালিকা থেকে ৬৯৭ জনকে বাদ দিয়ে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
৭ মিনিট আগে
ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলী গ্রামের কর্দমাক্ত প্রধান সড়কে ধানের চারা রোপণ করে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকালে আয়োজিত এ প্রতিবাদে সড়কের বেহাল অবস্থায় শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরা হয়।
২০ মিনিট আগে
টানা কয়েকদিনের বর্ষণে কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ায় রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে একযোগে চালু করা হয়েছে। বর্তমানে ৫ ইউনিট থেকে মোট ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২৩ মিনিট আগে