Ajker Patrika

ট্রেড লাইসেন্সে অনিয়মের অভিযোগে ডিএসসিসির সুপারভাইজারকে অব্যাহতি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ট্রেড লাইসেন্সে অনিয়মের অভিযোগে ডিএসসিসির সুপারভাইজারকে অব্যাহতি

ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে ব্যবসায়ীদের হয়রানি এবং অর্থ আদায়ের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব বিভাগের এক কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন প্রচলিত আইনে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে না- তা জানিয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

অব্যাহতিপ্রাপ্ত মোস্তফা নূরউদ্দিন আহম্মেদ ডিএসসিসির রাজস্ব বিভাগের বিবিধ আদায় শাখা, অঞ্চল-৪-এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

গতকাল রোববার ডিএসসিসি ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) উদ্যোগে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট নিরসন এবং ট্রেড লাইসেন্স সেবার মানোন্নয়ন নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজস্ব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিসিসিআই এবং বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো অভিযোগ করেন, গত ২৩ ও ২৪ জুন অনস্পট ট্রেড লাইসেন্স নবায়ন ক্যাম্প চলাকালে লাইসেন্স সুপারভাইজার মোস্তফা নূরউদ্দিন আহম্মেদ ২০২৫-২৬ অর্থবছরের ২২টি ট্রেড লাইসেন্স নবায়নের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে নগদ টাকা নেন। তবে দেড় মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও ওই লাইসেন্সগুলো নবায়ন করা হয়নি। পরে ফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত কর্মকর্তা সময়ক্ষেপণ করেন বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগটি শোনার পরই ডিএসসিসির প্রশাসক তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর প্রশাসকের নির্দেশে মোস্তফা নূরউদ্দিন আহম্মেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তাঁর বিরুদ্ধে শোকজ জারি করা হয়।

ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেন, নাগরিক ও ব্যবসায়ী সেবায় যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে ডিএসসিসি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। শোকজের লিখিত জবাব পাওয়ার পর অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত