Ajker Patrika

রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১
প্রতীকী ছবি

রাজধানীর হাতিরপুল, ওয়ারী, মিরপুর ও ধানমন্ডির চার স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাতের মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে হাতিরপুলে বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রাত সাড়ে ১০টার দিকে ধানমন্ডির ২৭ নম্বরে রাপা প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় শাহ আলী প্লাজার বিপরীতে একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলটি কাফরুল ও শাহ আলী থানার সীমানায় অবস্থিত।বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিকে পুলিশ ধাওয়া করলেও আটক করতে পারেনি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিকে, বেলা সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চবিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ বিষয়ে ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান বলেন, বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের শনাক্তের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত