বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন কারাগারে

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, মারধর, ভাঙচুর ও হত্যা চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৫ দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
বিকেলে মুফতি রুহুল আমিনকে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় গত ১৯ নভেম্বর তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে ১৮ নভেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে মুফতি রুহুল আমিনকে আটক করে ভাটারা থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বাদী এক ব্যবসায়ী জুমার নামাজ আদায়ের জন্য বায়তুল মোকাররম মসজিদের নিচতলায় উপস্থিত হন। দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। এ সময় মুফতি রুহুল আমিন অন্যান্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করে দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে টেনে-হিঁচড়ে আঘাত করে নিচে নামান এবং হাত থেকে মাইক কেড়ে নেন।
উপস্থিত মুসল্লিরা বাধা দিলে রুহুল আমিনের নির্দেশে আরেক আসামি হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে বাদীর ডান চোখে আঘাত করেন। এতে তার চোখের নিচে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং তিনি ডান চোখের দৃষ্টিশক্তি হারান। এ ছাড়া আসামিরা বাদীর শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে এবং পকেটে থাকা ৩০ হাজার টাকা নিয়ে যায়। ওই ঘটনায় বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি গুরুতর আহত হন এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মামলায় উল্লেখ করা হয়।
কারাগারে আটক রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, মুফতি রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন বায়তুল মোকাররম মসজিদে জুম্মার নামাজের সময় সংঘর্ষের সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি আরও কিছু তথ্য দিয়েছেন যা যাচাই-বাছাই করা হচ্ছে।
মুফতি রুহুল আমিন অসুস্থ:
তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেছেন, মুফতি রুহুল আমিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করাকালীন তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাঁকে পুলিশ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। পরে শেরেবাংলা নগর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর চিকিৎসা সনদসহ তাঁকে আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা এলাকার বাসিন্দা মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। এর প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররমে গেলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় তাঁকে খতিবের পদ থেকে অপসারণ করে।









