
পবিত্র রমজান মাসে ছুটির দিন মানে বিপণিবিতানগুলোতে উপচে পড়া ভিড়। গতকাল শুক্রবারও এর ব্যতিক্রম হয়নি। সকাল থেকে ভিড় দেখা গেছে রাজধানীর অধিকাংশ শপিং মলে। পরিবার-পরিজন নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছেন ক্রেতারা। তবে প্রায় সবার মুখে শোনা গেছে একই আক্ষেপ—‘এবার পোশাকের দাম অনেক বেশি।’ কৌতূহলের বিষয় হলো, শুধু ক্রেতা নয়, বিক্রেতারাও বলছেন একই কথা।
পোশাকের দাম তুলনামূলক বেশি হওয়ায় ভোগান্তিতে পড়ছেন বেশির ভাগ ক্রেতা। বিশেষ করে যাঁদের আয় নির্ধারিত ও সীমিত। মূল্যস্ফীতির চাপে ছোট বাজেটে ঈদের কেনাকাটার তালিকায় কাঁচি চালাতে হচ্ছে তাঁদের। পরিবার নিয়ে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আসা তানভীর হোসেন বলেন, ‘গতবারের ২ হাজারের ড্রেস এবার সাড়ে ৩ হাজারেও পাচ্ছি না। আমাদের তো বেতনের গোনা টাকা। চাইলেই অঢেল খরচ করা সম্ভব নয়। যা যা কিনব ভেবেছিলাম, সেখান থেকে কমাতে হচ্ছে।’
তানভীরের মেয়ের জন্য পার্টি গাউনের সঙ্গে নতুন জুতা কেনার পরিকল্পনা ছিল। গাউনে অনেক টাকা খরচ হওয়ায় জুতা এবার আর কেনা হচ্ছে না।
দাম বেশি হওয়ার ব্যাপারটা সমস্যায় ফেলছে ব্যবসায়ীদেরও। কয়েকজন পোশাক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে তেমন ইঙ্গিত মিলল।
‘গতবার ৩ থেকে সাড়ে ৩ হাজারের মধ্যে যেই ড্রেস বেচতে পারছি, এবার তা সাড়ে ৩ হাজারে কিনতেও পারি নাই। এয়ারে (বিমানে) কিছু মাল আসছে। তাতে কস্টিং (খরচ) অনেক বেশি’—বললেন বসুন্ধরা সিটির পোশাকের দোকান টম অ্যান্ড জেরির বিক্রয়কর্মী রাশেদ হোসেন। একই কথা শোনা গেল আরও কয়েকজনের কাছে। তাঁরা বলেন, ভারত থেকে এবার স্বাভাবিক প্রক্রিয়ায় পোশাক আমদানি হয়নি। এ সুযোগে দেশের পোশাক প্রস্তুতকারকেরা পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন। এতে দেশি পোশাকও বেশি দামে কিনতে হয়েছে। অন্যদিকে ভারত থেকে আকাশপথে পণ্য আনায় খরচ বেশি পড়েছে। ফলে গতবারের তুলনায় এবার ঈদের পোশাকের দাম বেশি।
বসুন্ধরা সিটির রাইসা ফ্যাশনের মালিক মনির হোসেন জানালেন, গতবারের চেয়ে এবার দেশে তৈরি পোশাকের দাম ২০ শতাংশ বেড়েছে।
পুরো ঈদের বাজারে এর প্রভাব পড়েছে বলে মনে করেন তিনি। ব্যবসায়ী মনির বলেন, ‘প্রতিবারের মতো ভারতে গিয়ে আমরা ড্রেস আনতে পারি নাই। এয়ারে সামান্য কিছু আসছে। কস্টিং বেশি হওয়ায় সেগুলোর দাম অনেক বেশি পড়ছে।’
ভারতের বদলে পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের কিছু পোশাক এবার ঈদের বাজারে এসেছে বলে জানান দোকানিরা। তবে ভারতীয় পণ্যের তুলনায় সেগুলোর দাম বেশি। বিক্রয়কর্মী রাশেদ হোসেন বলেন, ‘ইন্ডিয়ার যে ড্রেসটা আমরা ৫ হাজার টাকায় বেচতে পারি, পাকিস্তানের সেই ড্রেস ১৫ হাজারে বেচতে হয়।
পাকিস্তানের ড্রেসের কোয়ালিটি ভালো হয়। সে কারণে দামও অনেক বেশি। থাই বা চায়না মালেরও একই অবস্থা।’
ভারত থেকে পণ্য না আসায় একদিকে যেমন আক্ষেপ করছেন ব্যবসায়ীরা, অপর দিকে ভারতের ভিসা প্রায় বন্ধ থাকায় কিছু বাড়তি ক্রেতা আসছেন বলে জানান তাঁরা। বসুন্ধরার জুতার দোকান শু গ্যালারির ব্যবসায়ী মোহাম্মদ নাঈম বলেন, ‘আমাদের দেশে সচ্ছল শ্রেণির একাংশ ভারত থেকে ঈদের শপিং করে। এবার ভিসা কার্যত বন্ধ থাকায় তারা দেশে কেনাকাটা করছে। তাদের একটা বড় অংশ ঢাকার বসুন্ধরার মতো বড় মার্কেটগুলোতে আসছে।’

প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
১ ঘণ্টা আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
১ ঘণ্টা আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
১ ঘণ্টা আগে