রাজধানীর উত্তরখানে পাঁচ টাকা কমে সবজি বিক্রি করায় ভাতিজার মারধরে নিহত হয়েছেন নান্না মিয়া (৪৫) নামের একজন সবজি বিক্রেতা। এ ঘটনায় মামলা হলেও তিন দিনেও গ্রেপ্তার হয়নি ভাতিজা নুর ইসলাম (৪২)।
উত্তরখানের কাঁচকুড়া বাজারে গত বুধবার (১৯ জুন) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই তাঁর ছোট ভাই মো. জাহাঙ্গীর মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
নিহত ওই সবজি বিক্রেতা গাজীপুরের কালীগঞ্জের বরকাউ গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। চার ভাই ও চার বোনের মধ্যে নান্না মিয়া ছিলেন পঞ্চম। পলাতক ওই ঘাতকও একই এলাকার হোসেন মিয়ার ছেলে নুর ইসলাম।
কাঁচকুড়া বাজারের সবজি বিক্রেতা ও থানা-পুলিশের সঙ্গে কথা বলে শুক্রবার (২১ জুন) আজকের পত্রিকা এসব তথ্য জানতে পারে। তারা জানায়, ওই দিন (বুধবার) সকালে প্রতিদিনের মতো নান্না মিয়া ও তার ভাতিজা নুর ইসলাম সবজি নিয়ে কাঁচকুড়া বাজারে বিক্রি করতে আসেন। তাঁরা আগের মতো পাশাপাশি জায়গায় সবজি বিক্রি করছিলেন। কিন্তু বেলা দেড়টার দিকে তারা হঠাৎ করেই বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে নুর ইসলাম তাঁর চাচাকে এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মারলে নান্না মিয়া রাস্তায় পড়ে গিয়ে জ্ঞান হারান। প্রথমে তাঁকে বাজারের একটি ফার্মেসিতে নেওয়া হয়। তারপর তাঁকে উত্তরখানের মৈনারটেক এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জের বরকাউ এলাকার সবজি বিক্রেতারা আরও বলেন, হাসপাতালের চিকিৎসক নান্না মিয়াকে মৃত ঘোষণার পর থেকেই নুর ইসলাম কাঁচকুড়া বাজার থেকে পালিয়ে যান। ওই ঘটনার পর থেকে তিনি নিজ বাড়িতেও যাননি।
পুলিশের সূত্র জানায়, নান্না মিয়া মারা যাওয়ার পর তাঁর লাশ হাসপাতাল থেকে সরাসরি কালীগঞ্জের বাসায় নিয়ে যাওয়া হয়। পরে এলাকাবাসীর মধ্যে মারামারির গুঞ্জনে কালীগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে এবং বিস্তারিত জানতে পারে। পরে তারা ডিএমপির উত্তরখান থানা পুলিশকে অবগত করলে তাঁরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
নিহতের ছোট ভাই জাহাঙ্গীর মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাই নান্না মিয়া সকালে সবজি বিক্রে করে। আর বিকেলে কালিগঞ্জের হরদি বাজারের শ্যামলের ভাঁজা পোড়া দোকানে সময় দেয়। শ্যামলের দোকান থেকে বাসায় যাওয়ার সময় তাঁর সন্তানের জন্য কিছু ভাজাপোড়া নিয়ে যেতে পারে। সঙ্গে আরও কিছু টাকা পায়। এসব দিয়েই তাঁর সংসার চলে।’
তিনি আরও বলেন, ‘আমার ভাই চিচিঙ্গা ও ধুন্দল সবজি নিয়ে হেপার (ওই পাড়) কাঁচকুড়া বাজারে বিক্রি করতে গিয়েছিল। আর নুর ইসলাম কইডা ও ধুন্দল নিয়ে গিয়েছিল। যাওয়া সময় শ্যামলের দোকানে চা-নাস্তা করেছিল ভাই। তখন শ্যামল ভাইকে বিকেলের মধ্যেই দোকানে যেতে বলেছিল।’
জাহাঙ্গীর বলেন, ‘ঈদের বাজারে পাইকার কম থাকায় বড় ভাই কম দামে সবজি কিনতে পারছে। যার কারণে নুর ইসলামের থেকে পাঁচ টাকা কম দামে ধুন্দল বিক্রি করে ফেলছিল। যার কারণে ক্ষিপ্ত হয়ে নুর ইসলাম ভাইকে মারধর করে মেরে ফেলেছে। আমরা এর বিচার চাই।’
এ বিষয়ে উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কাঁচকুড়া বাজারে এক সবজি বিক্রেতার হাতে আরেক সবজি বিক্রেতা খুনের ঘটনায় একটি মামলা হয়েছে। হত্যাকারী নুর ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
হত্যার কারণ প্রসঙ্গে জানতে চাইলে এসআই জহিরুল ইসলাম বলেন, ‘নান্না মিয়া নুর ইসলাম থেকে পাঁচ টাকা কমে সবজি বিক্রি করেছিল। যার কারণে ক্ষিপ্ত হয়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে নুর ইসলাম।’

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অবস্থিত দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ৫২টি অনুমোদিত পদের ৪২টিই শূন্য। সবচেয়ে বড় সংকট হলো খামারটি প্রতিষ্ঠার ৪২ বছরেও ভেটেরিনারি সার্জনের কোনো পদ সৃষ্টি হয়নি। এতে খামারের মহিষের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা ঝুঁকির মুখে রয়েছে।
৪ ঘণ্টা আগে
একসময় সন্ধ্যা নামলে যে সড়কে থেমে যেত মানুষের চলাচল। ডাকাত ও ছিনতাইকারীদের ভয়ে অন্ধকার নামার আগেই দোকানপাট গুটিয়ে ফেলতেন ব্যবসায়ীরা। পথচারীদের জিম্মি করে সর্বস্ব কেড়ে নেওয়ার ঘটনা ছিল নিয়মিত। সেই সড়কের ভাতার মারি রেলক্রসিং এলাকায় তৈরি হচ্ছে উচ্চশিক্ষার নতুন ঠিকানা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে গিদারী ইউনিয়নের ‘কিশামত ফলিয়া ফারাজি পাড়া জামে মসজিদ মেরামত’ প্রকল্পে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই টাকার মধ্যে মসজিদ কমিটি পেয়েছে মাত্র ৪০ হাজার টাকা। বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে সরকারি খাদ্যগুদামে গত ৩১ আগস্ট শেষ হয়েছে চলতি মৌসুমের সরকারি গম সংগ্রহ অভিযান। কিন্তু পুরো ক্রয় মৌসুমে এক ছটাকও গম সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। এতে স্বল্প আয়ে চলা মানুষের কাছে কম দামে চাল ও আটার মতো খাবার পৌঁছে দেওয়া ওএমএস (খোলাবাজারে বিক্রি) কার্যক্রম নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে