Ajker Patrika

৪৫তম বিসিএস: পুনঃগেজেটের দাবিতে শনিবার সকালের মধ্যে সিদ্ধান্তের আলটিমেটাম

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৯: ৩৮
৪৫তম বিসিএস: পুনঃগেজেটের দাবিতে শনিবার সকালের মধ্যে সিদ্ধান্তের আলটিমেটাম
পুনঃ গেজেটের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে গেজেট বঞ্চিতদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

৪৫ তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশ পেয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা পুনঃগেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। আগামী শনিবার সকাল ১০টার মধ্যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না এলে আত্মাহুতির মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধন থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। মানববন্ধনে গেজেট বঞ্চিত প্রার্থীরা বলেন, পিএসসির চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও তাঁদের গেজেট থেকে বাদ দেওয়ার কোনো যৌক্তিক কারণ তাঁরা জানেন না। এ অবস্থায় তাঁরা সরকারের হস্তক্ষেপ কামনা করছেন।

মানববন্ধনে ৪৪ তম বিসিএসে আনসার ক্যাডারে চাকরিরত এবং ৪৫ তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রার্থী নূরে আলম বলেন, পিএসসির সব ধাপ সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরও তাঁদের গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে। সাধারণত ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়া কিংবা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার মতো বিষয় ছাড়া কাউকে বাদ দেওয়ার নিয়ম নেই বলে দাবি করেন তিনি।

নূরে আলম বলেন, তিনি জুলাই আন্দোলনের সামনের সারিতে ছিলেন। তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও তাঁকে বাদ দেওয়া হয়েছে। ৪৪ তম বিসিএসে চাকরিতে থাকা অবস্থায় কীভাবে তিনি ৪৫ তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়লেন, সেই প্রশ্নও তোলেন তিনি। আগামী শনিবার সকাল ১০টার মধ্যে সরকার সিদ্ধান্ত না নিলে আত্মাহুতির মতো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।

মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী এবং ৪৫ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রার্থী একরাম গাজী হৃদয়। তিনি বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়েছিলেন, রাজনৈতিক কারণে কাউকে গেজেট বঞ্চিত করা হবে না। এখানে আমরা কেউ দেশদ্রোহী বা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত নই। আমাদের কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নেই। আমাদের বিশ্বাস, প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার মূল্যায়ন করে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবেন, যাতে ভবিষ্যতে কোনো সরকার তরুণদের সঙ্গে এমন অন্যায় করতে না পারে।’

মানববন্ধনে অন্য বক্তারা বলেন, জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশে তাঁরা বৈষম্যহীন প্রশাসনিক ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও গেজেট থেকে বাদ পড়ায় তাঁরা বৈষম্যের শিকার হচ্ছেন। এ পরিস্থিতির অবসানে দ্রুত পুনঃ গেজেট প্রকাশের দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, ৪৯ তম বিসিএসে প্রাথমিকভাবে বাদ পড়া প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের উদ্যোগে সম্পূরক গেজেটের মাধ্যমে ৪০ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। ৪৯ তম বিসিএসের মতো ৪৫ তম বিসিএসের গেজেট বঞ্চিত প্রার্থীদের বিষয়টিও বিবেচনা করে সরকার পুনঃ গেজেট প্রকাশ করবে বলে তাঁরা আশা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত