আশুলিয়ায় ৫টি ককটেলসদৃশ বস্তুর সন্ধান, উদ্ধারে ছুটে গেল পুলিশ ও এসআরবি

ঢাকার সাভারের আশুলিয়ায় ককটেলসদৃশ পাঁচটি বস্তুর সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের প্রাথমিক ধারণা, বস্তুগুলো ককটেলজাতীয় বিস্ফোরক দ্রব্য হতে পারে। সেগুলো উদ্ধারে কাজ করছে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় বস্তুগুলোর সন্ধান পাওয়া যায়।
ওসি তরিকুল ইসলাম জানান, রাতে বাইপাইল এলাকায় ককটেলসদৃশ পাঁচটি বস্তু পড়ে থাকতে দেখে এক পথচারী আশুলিয়া থানা-পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে।
ওসি আরও জানান, বস্তুগুলো উদ্ধারের পর এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বস্তুগুলো উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার কাজ করছিল।









