Ajker Patrika

নাশকতা মামলায় মোহনার সাবেক সিইও তসলিম চৌধুরী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাশকতা মামলায় মোহনার সাবেক সিইও তসলিম চৌধুরী কারাগারে
প্রতীকী ছবি

নাশকতার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় করা মামলায় মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন।

সন্ধ্যার আগে তসলিম চৌধুরীকে আদালতে হাজির করে পল্লবী থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক মো. লিয়াকত হোসেন তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে পল্লবীর বাসা থেকে তসলিম চৌধুরীকে আটক করা হয়। পরে পল্লবী থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

মামলার সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে অজ্ঞাতপরিচয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের উসকানি ও নির্দেশনায় আড়াই থেকে তিন হাজার দুষ্কৃতকারী পুলিশের ওপর হামলা চালায়। লাঠিসোঁটা, কাঠের রোল, লোহার রড, পাইপ, ককটেল ও পেট্রলের বোতলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ত্রাস ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করা হয়। জনমনে ভীতি ছড়াতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশের একটি সরকারি পিকআপে আগুন দেওয়া হয় এবং ইটপাটকেল নিক্ষেপে সহকারী কমিশনার (পল্লবী জোন) ও তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আহত হন।

অতিরিক্ত পুলিশ পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত দুটি ককটেলের অংশবিশেষ এবং ২ লিটারের একটি প্লাস্টিকের বোতলে ২ লিটার পেট্রল জব্দ করে পুলিশ।

ঘটনার পরদিন বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির পৃথক ধারায় পল্লবী থানায় মামলাটি দায়ের করে পুলিশ।

কারাগারে আটক রাখার আবেদনে পুলিশ বলেছে, তসলিম চৌধুরী মোহনা টেলিভিশনের সাবেক সিইও এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের একমাত্র সহচর ও বর্তমান ক্যাশিয়ার হিসেবে পরিচিত। আবেদনে তাঁকে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে উসকানিদাতা ও অর্থ জোগানদাতা এবং পুলিশের গাড়ি পোড়ানো ও বোমা নিক্ষেপসহ দলটির বিভিন্ন কার্যক্রমে মদদদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, গত ১ নভেম্বর গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে তসলিম চৌধুরী উসকানি দিয়েছেন এবং এ মামলার ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততার সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত