Ajker Patrika

রাজধানীতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই বাস ও এক কাভার্ড ভ্যানে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ২০: ২৬
রাজধানীতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই বাস ও এক কাভার্ড ভ্যানে আগুন
আজ বিকেলে রাজধানীর নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীতে ২৪ ঘণ্টার ব্যবধানে তিনটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে চাঁদা না পেয়ে এ জে আর কুরিয়ার সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানের কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি পরিত্যক্ত স্টাফ বাস ও বাড্ডার নতুন বাজারে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে আজ শুক্রবার সন্ধ্যার আগপর্যন্ত গত ২৪ ঘণ্টায় এসব ঘটনা ঘটে।

সবার প্রথম গতকাল রাত সাড়ে ৯টার দিকে রায়েরবাজার কাঁচাবাজার আড়তের সামনে এ জে আর কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা অধিকাংশ মালামাল ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। অপর দুটি বাসে আগুন দেওয়া হয় আজ দুপুর ও সন্ধ্যার আগে।

কুরিয়ারের কাভার্ড ভ্যানের আগুনের ঘটনায় এ জে আর গ্রুপের এজিএম জয়ন্ত চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী চক্র প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে চক্রটি বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানের কার্যালয় ও যানবাহনে হামলা এবং অগ্নিসংযোগ করেছে। এর ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে প্রতিষ্ঠানের কার্যালয়ে আগুন দেওয়া হয়। এরপর শাহবাগ ও রায়েরবাজারে গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। মিরপুরে পেট্রলবোমা ছুড়ে এক কর্মীকে হত্যার উদ্দেশ্যে তাঁর শরীরে আগুন দেওয়ারও চেষ্টা করা হয়।

সর্বশেষ রায়েরবাজারে কাভার্ড ভ্যানে আগুন দেওয়ায় গ্রাহক, ক্ষুদ্র ব্যবসায়ী, ব্যাংক ও বিমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ মালামাল ও নথিপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে এক থেকে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি। নথিপত্রের মূল্যায়ন শেষে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

জয়ন্ত চৌধুরী জানান, পরপর এ ধরনের কয়েকটি ঘটনার কারণে তাঁদের কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়তে পারে। কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারের জরুরি হস্তক্ষেপ চান তাঁরা। পাশাপাশি হামলা ও নাশকতায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম গতকাল ৭টার দিকে বলেন, এ জে আর কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন দেওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের সঙ্গে কথা হয়েছে। তাঁরা মামলা করতে এসেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগুন দেওয়া ব্যক্তিরা হেলমেট পরে এসেছিলেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে আজ বেলা ১টা ৩৫ মিনিটের দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে এনবিআরের একটি পরিত্যক্ত স্টাফ বাসে আগুন লাগে। তবে কার্যালয়ের কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আগুন ছড়িয়ে পড়তে পারেনি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফেলে দেওয়া সিগারেটের অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা জানতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

অন্যদিকে রাজধানীর নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বিকেল সাড়ে ৫টার দিকে কোকা-কোলা গেটের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বাসটি ঘোরানোর সময় কয়েকজন এসে আগুন লাগিয়ে পালিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড্ডা কোকা-কোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিলেন না।

এর আগে গত ২০ অক্টোবর রাজধানীর হাজারীবাগে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের একটি ওয়্যারহাউসে হামলা, ভাঙচুর ও প্রায় ৩১ লাখ টাকা মূল্যের সরঞ্জাম লুটের অভিযোগ ওঠে। ওই ঘটনায় প্রতিষ্ঠানের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক আফসার উদ্দিন হাজারীবাগ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। পরে মামলা করায় তাঁকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের অভিযোগ, চাঁদা দাবি করতে এসেছিল একদল ‘সন্ত্রাসী’ বাহিনী। চাঁদা না দেওয়ায় প্রথমে তারা হাজারীবাগের ওয়্যারহাউসে হামলা ও ব্যাপক ভাঙচুর করে। পরে দেশের বিভিন্ন স্থানে এ জে আরের আরও কয়েকটি ওয়্যারহাউসে গাড়ি ভাঙচুর, হুমকি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। সর্বশেষ গতকাল রাতে কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন লাগায় দুর্বৃত্তরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত