Ajker Patrika

জনগণের রায় মাথা পেতে নেব, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব: এস এম জাহাঙ্গীর

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪: ২১
জনগণের রায় মাথা পেতে নেব, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব: এস এম জাহাঙ্গীর
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীর। ছবি: আজকের পত্রিকা

জনগণের রায় মেনে নেবেন এবং নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়েই কাজ করার কথা জানিয়েছেন ঢাকা-১৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরের মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতনে সকাল ৮টায় ভোট শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

ভোটের ফলাফল যা-ই হোক, মেনে নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে এস এম জাহাঙ্গীর বলেন, ‘জনগণ যে রায় দেবে, সে রায় মাথা পেতে নেব অবশ্যই এবং নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করব।’

তিনি বলেন, ‘জনগণের যে প্রত্যাশার ভোট, আমি আশা করব—যারা এই নির্বাচনের সঙ্গে জড়িত, যারা এই ভোটকেন্দ্রের সঙ্গে জড়িত, সবাই সেটা নিয়ন্ত্রণে রাখবে এবং জনগণ যে ভোটের জন্য কাঙ্ক্ষিত ভোট চায়, সেই ভোটের প্রতিফলন ঘটবে ইনশা আল্লাহ সন্ধ্যার পরে রেজাল্টের মাধ্যমে।’

বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর বলেন, ‘আমি একটা কথাই বলেছি যে, ভোটের জন্য আমরা কেউ হানাহানি-রাহাজানি করব না। জনগণ যাকে যোগ্য মনে করবে, জনগণের কাছে যাদের আস্থা আছে, জনগণের আস্থা যার ওপর আছে তাঁকে জনগণ ভোট দেবে। সেই ক্ষেত্রে আমাদের কোনো কথা নেই। কিন্তু আমার বক্তব্যটা হলো আমরা সবাই পরিবেশটা ঠিক রেখে সহাবস্থান রেখে আমরা একটা সুন্দর আগামীর ঢাকা-১৮ গড়তে চাই।’

তিনি বলেন, ‘আগামী দিনে আমাকে যদি জনগণ ইনশা আল্লাহ নির্বাচিত করে সকলকে নিয়ে কাজ করব ইনশা আল্লাহ। এই ঢাকা-১৮ আসন সকলের ভাগ্য পরিবর্তনের জন্য সবার সহযোগিতা দরকার। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, সবার আগে বাংলাদেশ আমাদের যে স্লোগান, সেটাকে ধারণ করে ভবিষ্যতে এগিয়ে যেতে চাই ইনশা আল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন হবে যে নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে। অনেক দিন জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, সেই বঞ্চনা, সেই গঞ্জনা সবকিছু থেকে ইনশা আল্লাহ আজকে তারা পরিত্রাণ পাবে। বাংলাদেশের মানুষ জনগণের একটি নির্বাচিত সরকার পাবে। যে সরকার হবে মানবিক সরকার, জনগণের জন্য সরকার।’

ভোট কেন্দ্রের পরিস্থিতি প্রসঙ্গে জাহাঙ্গীর বলেন, ‘আমি নিজে ভোট দিয়েছি, এখানকার পরিবেশ ভালো। এখন বাকি সেন্টারগুলোয় যাব, দেখা যাক ইনশা আল্লাহ কী ঘটে। তবে আমার বিশ্বাস যে একটা ভালো নির্বাচন হবে।’

ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয়ে জানতে চাইলে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর বলেন, ‘সবগুলোই ঝুঁকিপূর্ণ, আবার কোনোটাই ঝুঁকিপূর্ণ নয়। এই যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, বিশেষ করে আমাদের আর্মিরা আছে। আইনশৃঙ্খলা বাহিনী অ্যালার্ট আছে এবং তারা চায় একটা সুষ্ঠু নির্বাচন। আমরা যারা আছি, আমাদের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ চায় একটা সুষ্ঠু নির্বাচন। কাজেই মানুষের যে কাঙ্ক্ষিত যে জায়গাটা, সবাই মিলে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় যাব, একটা সুষ্ঠু নির্বাচন হবে।’

তিনি বলেন, ‘হয়তো বা হতে পারে কোনো গোষ্ঠী যারা মনে করতে পারে যে আমরা হেরে যাবে, তারা যদি কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তারা যদি মনে করে যে ভোটের কালিমা লাগাতে চায়, হয়তো চেষ্টা করতে পারে। কিন্তু আমরা মনে করি জনগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি অ্যালার্ট থাকে এবং যার যার দায়িত্বটা যদি সে পালন করে, ইনশা আল্লাহ সেই পরিবেশটা সৃষ্টি হবে না। আমরা একটা ভালো পরিবেশে, সুন্দর পরিবেশে আগামী দিনে একটা নতুন সরকার পাব, একজন নতুন প্রতিনিধি পাব ইনশা আল্লাহ।’

জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী সাংবাদিকেরা জানতে চাইলে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর বলেন, ‘আমি আমার কাজ করেছি, জনগণের কাছে গিয়েছি। জনগণ আমাকে লুফে নিয়েছে। কারণ, আমি গত ৩০ বছর এই এলাকার জনগণের সঙ্গে কাজ করছি, জনগণের পাশে আছি। জনগণের পাশে ছিলাম ইনশা আল্লাহ ভবিষ্যতেও থাকব।’

নির্বাচিত হলে জনগণের জন্য কী করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘ঢাকা-১৮ আসনকে একটা মডার্ন আসন হিসেবে ক্রিয়েট করার জন্য আমি আমার কাজ করে যাচ্ছি। এটা জনগণের কাছে আমার একটা প্রতিশ্রুতি এবং আমি বিশ্বাস করি জনগণ তাদের রায় দিয়ে আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে আগামী দিনের জন্য ইনশা আল্লাহ।’

তিনি বলেন, ‘আমাকে যদি জনগণ নির্বাচিত করে একজন মানুষও আমার বাইরে থাকবে না। অর্থাৎ আমি সবাইকে নিয়ে সংসারটা করতে চাই ইনশা আল্লাহ। আমার ঢাকা-১৮ আসনের যে সংসার সেই সংসারটা করতে চাই।’ তিনি বলেন, ‘আমি একা দেশ পরিবর্তন করতে পারব না, সবার সহযোগিতা লাগবে। যার কারণে এই নির্বাচনকালীন সময়ে আমি দশজন প্রার্থীর সঙ্গে কথা বলেছি, যখন কোনো সমস্যা হয়েছে তাদের কাছে গিয়েছি। আমাদের রনি অসুস্থ হয়েছে তাকে দেখতে গিয়েছি। এভাবে সবার সঙ্গে আমার যোগাযোগ আছে, কথা আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত